মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চির সঙ্গে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) প্রতিনিধির সাক্ষাৎ হয়েছে বলে জানিয়েছেন দেশটির সরকারের একজন মুখপাত্র।
৮১ বছর বয়সী এই নেত্রীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগের মধ্যেই আজ সোমবার এই সাক্ষাৎ অনুষ্ঠিত হলো। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এমনটি জানানো হয়েছে।
২০২১ সালের ফেব্রুয়ারির এক ভোরে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের সেনাবাহিনী সু চির নেতৃত্বাধীন নির্বাচিত বেসামরিক সরকারকে ক্ষমতাচ্যুত করে। সেই থেকেই এই নোবেল বিজয়ী নেত্রী কারাবন্দি রয়েছেন।
ওই অভ্যুত্থান দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দরিদ্র দেশটিকে চরম বিশৃঙ্খলার মধ্যে ঠেলে দেয়। তখন থেকে সু চির সঠিক অবস্থান এবং স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে নিশ্চিত হওয়া দুষ্কর হয়ে পড়ে, কারণ এখন পর্যন্ত কোনো বিদেশি নেতা বা বিশেষ দূত প্রকাশ্যে তার সঙ্গে দেখা করতে পারেননি।
দেশটির সরকারের মুখপাত্র খাইন খাইন সো টেলিগ্রামের মাধ্যমে দেওয়া এক বার্তায় জানান, সোমবার রাজধানী নেপিদোতে অং সান সু চির সঙ্গে মিয়ানমারে আইসিআরসির আবাসিক প্রতিনিধি আরনাদ দে বেকের সাক্ষাৎ হয়েছে।
সরকারের পক্ষ থেকে এই সাক্ষাতের কয়েকটি ছবি প্রকাশ করেছে। এএফপি ছবিগুলোর সত্যতা যাচাই করতে পারেনি, কিন্তু এআই পরীক্ষায় কোনো কারসাজি ধরা পড়েনি।
তবে এ বিষয়ে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলে আইসিআরসি তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য জানায়নি।
গত এপ্রিলের শেষের দিকে সামরিক বাহিনীর সাজানো এক নির্বাচনের মাধ্যমে সাবেক জান্তা প্রধান মিন অং হ্লাইং মিয়ানমারের প্রেসিডেন্ট হওয়ার পর এবং ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপের মুখে কর্তৃপক্ষ জানিয়েছিল, সু চিকে কারাগার থেকে সরিয়ে গৃহবন্দি করা হয়েছে।
