কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাংলাদেশের ক্রীড়া এবং কারিগরি শিক্ষা খাতে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার নাগরিকত্ব, শুল্ক, বহুসাংস্কৃতিক বিষয়ক ও আন্তর্জাতিক শিক্ষা বিষয়ক সহকারী মন্ত্রী জুলিয়ান হিল।

আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনের সঙ্গে সাক্ষাৎকালে এই আগ্রহের কথা জানান তিনি।

মাহদী আমিনের মিডিয়া কোর্ডিনেটরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, অস্ট্রেলিয়ার সহকারী মন্ত্রী বাংলাদেশের ক্রীড়া ও কারিগরি শিক্ষার পাশাপাশি বৃত্তিমূলক শিক্ষায় সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন। আলোচনাকালে তিনি বাংলাদেশের শিক্ষা খাতের বিদ্যমান চ্যালেঞ্জ ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা সম্পর্কে উপদেষ্টার কাছে জানতে চান।

এ সময় তরুণদের কর্মসংস্থানে বিষয়টিকে বাংলাদেশ গুরুত্ব দিচ্ছে জানিয়ে বাংলাদেশ সরকারের নেওয়া কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, প্রযুক্তিসমৃদ্ধ প্রাথমিক শিক্ষাসহ নতুন কারিকুলামে ক্রীড়া ও সংস্কৃতি সংক্রান্ত বিষয়গুলো অন্তর্ভুক্তির কথা তুলে ধরেন মাহ্‌দী আমিন।

অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর যোগাযোগ বৃদ্ধি, অস্ট্রেলিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আরও সুযোগ বাড়ানোর পাশাপাশি দক্ষ জনশক্তি তৈরি, শ্রমবাজারের সুযোগ গ্রহণের বিষয়গুলো আলোচনায় স্থান পায় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

অস্ট্রেলীয় প্রতিনিধি দলে দেশটির শিক্ষা, স্বরাষ্ট্র,পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের অফিসাররা উপস্থিত ছিলেন। বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান টাইল এ সময় উপস্থিত ছিলেন।

Related Articles

Latest Posts