রিয়াল মাদ্রিদে ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোর অধ্যায় আপাতত থামার পথে। আর্জেন্টাইন তরুণকে দলে পেতে ফিওরেন্টিনার সঙ্গে ধারের চুক্তির শেষ মুহূর্তের আলোচনা চলছে। সবকিছু ঠিকঠাক থাকলে খুব শিগগিরই ইতালির ক্লাবটিতে যোগ দেবেন ১৮ বছর বয়সী এই প্রতিভাবান ফরোয়ার্ড। এমন সংবাদই প্রকাশ পেয়েছে স্প্যানিশ গণমাধ্যমে।
মাস্তানতুয়োনোর ফিওরেন্টিনায় যাওয়া যে এখন সময়ের ব্যাপার, তার ইঙ্গিত মিলেছে রিয়াল মাদ্রিদের অনুশীলনেও। ভালদেবেবাসে টানা দুই দিন দলের সঙ্গে অনুশীলন করেননি তিনি। সতীর্থদের সঙ্গে মাঠে না থেকে জিমেই সময় কাটাচ্ছেন আর্জেন্টাইন তারকা। তবে চোটের কারণে নয়, বরং ফিওরেন্টিনায় ধারে যাওয়ার প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার অপেক্ষাতেই আলাদা অনুশীলন করছেন তিনি।
ইতালিয়ান ক্লাবটির সঙ্গে এরই মধ্যে ব্যক্তিগতভাবে সমঝোতায় পৌঁছেছেন তিনি। এখন দুই ক্লাবের মধ্যে চুক্তির শেষ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা চলছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মাস্তানতুয়োনোর বেতনের কতটা রিয়াল মাদ্রিদ এবং কতটা ফিওরেন্টিনা বহন করবে সেটি ঠিক করা।
ফিওরেন্টিনা অবশ্য মাস্তানতুয়োনোকে পেতে বেশ আগে থেকেই আগ্রহী ছিল। ইতালির অন্য কয়েকটি ক্লাবের আগেই তার জন্য রিয়াল মাদ্রিদের সঙ্গে যোগাযোগ শুরু করেছিল তারা। সেই উদ্যোগ এবার সফল হওয়ার পথে।
ফিওরেন্টিনার পরিকল্পনাও মাস্তানতুয়োনোর পছন্দ হয়েছে। ইতালিয়ান ক্লাবটির কোচ ফাবিও গ্রোসো এবং ক্রীড়া পরিচালক ফাবিও পারাতিচির সঙ্গে কথা বলেছেন তিনি। তাদের পরিকল্পনা শুনে সন্তুষ্ট হয়েছেন আর্জেন্টাইন তরুণ।
রিয়াল মাদ্রিদে স্বল্পমেয়াদে যে সুযোগটি পাওয়া কঠিন, ফিওরেন্টিনা সেটিই মাস্তানতুয়োনোকে দিতে চায়—, নিয়মিত খেলার সুযোগ, ধারাবাহিকতা এবং দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে নিজেকে মেলে ধরার স্বাধীনতা।
রিয়াল মাদ্রিদেও বিষয়টি অনেকটা আগেই পরিষ্কার ছিল। মৌসুমের শুরু থেকেই মাস্তানতুয়োনোর নিয়মিত একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনা নিয়ে সংশয় ছিল। কোচ তার প্রতিভা ও পারফরম্যান্সে সন্তুষ্ট হলেও দলের প্রতিযোগিতার কারণে নিয়মিত খেলার নিশ্চয়তা দিতে পারছিলেন না।
ফলে তরুণ আর্জেন্টাইনকে বেঞ্চে বসিয়ে রাখার বদলে অন্য ক্লাবে পাঠিয়ে নিয়মিত খেলার সুযোগ দেওয়াকেই বেশি কার্যকর মনে করেছে রিয়াল। বিশেষ করে ইউরোপীয় ফুটবলে নিয়মিত খেলার মাধ্যমে তার পরিণত হয়ে ওঠার সুযোগ তৈরি করতেই ধারের সিদ্ধান্ত।
মাস্তানতুয়োনোর বিদায়ের আভাস অবশ্য আরও আগেই পাওয়া গিয়েছিল। অস্ট্রিয়ায় ফিওরেন্টিনার বিপক্ষে রিয়াল মাদ্রিদের প্রাক-মৌসুম প্রীতি ম্যাচের স্কোয়াডেও ছিলেন না তিনি। এরপর টানা দুই দিন দলের মূল অনুশীলন থেকে দূরে থেকে জিমে সময় কাটিয়েছেন।
এদিকে মাস্তানতুয়োনোর পাশাপাশি রিয়ালের অনুশীলনে ছিলেন না আসেনসিও, হুয়েসেন, মেন্দি, মিলিতাও ও রদ্রিগো। সবাই নিজেদের পুনর্বাসন প্রক্রিয়া অনুযায়ী অনুশীলন করেছেন। এর মধ্যে আসেনসিও ও হুয়েসেনই প্রাক-মৌসুমে চোটের কারণে মাঠের বাইরে ছিলেন।
