চাঁদপুর সদরে স্থানীয়দের মাদকবিরোধী অভিযান থেকে হামলায় এক প্রবাসী নিহত হয়েছেন।
উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের মহামায়া মান্দারী এলাকায় গতকাল বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
নিহত শাহজাহান পাটওয়ারী (৫০) ওই গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন।
আজ বৃহস্পতিবার চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মান্দারী এলাকায় স্থানীয় বেশ কয়েকজন যুবক গতকাল লাঠিসোটা নিয়ে মাদকবিরোধী অভিযানে নামে। সে সময় শাহজাহান পাটোয়ারী তাদের কাছে এর কারণ জানতে চান।
ওই যুবকরা ক্ষিপ্ত হয়ে তখন তাকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে তিনি গুরুতর আহত হন।
তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় চিকিৎসক ও পরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনাকে কেন্দ্র করে গতকাল সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ এলাকাবাসী।
খবর পেয়ে চাঁদপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ একজনকে আটক করে।
নিহতের ভাই ইয়াসিন পাটোয়ারী অভিযোগ করে বলেন, ‘শাহমাহমুদপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদের নির্দেশে তার পাঠানো লোকজনের হামলায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।’
তবে এ অভিযোগ অস্বীকার করে সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ ডেইলি স্টারকে বলেন, ‘আমি ঘটনার সময় এলাকায় ছিলাম না। সামনে ইউপি নির্বাচন। আমার জনপ্রিয়তা দেখে কেউ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে অভিযোগ এনেছে।’
ওসি ফয়েজ আহমেদ বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
