রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
আজ রোববার সকালে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র দুটি সংগ্রহ করেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) একান্ত সচিব মুহাম্মদ আশরাফুল আলম আজ দুপুরে দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।
আইন অনুযায়ী, সিইসি এ এম এম নাসির উদ্দিন এই রাষ্ট্রপতি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা।
আগামী ২০ আগস্ট বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। গত ৬ আগস্ট ইসি এই নির্বাচনের তফসিল ঘোষণা করে।
তফসিল অনুযায়ী, আগামী ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে। ১৬ আগস্ট সকাল ১০টায় মনোনয়নপত্র বাছাই শুরু হবে এবং এটি সম্পন্ন করতে যতক্ষণ সময় প্রয়োজন, ততক্ষণ চলবে। ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন নেওয়া হবে।
কমিশন জানিয়েছে, তারা এরইমধ্যে সংসদ সচিবালয় থেকে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ৩৪৯ সদস্যের ভোটার তালিকা হাতে পেয়েছে।
গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন পদত্যাগ করেন। তার পদত্যাগের পর থেকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
সংবিধান ও রাষ্ট্রপতি নির্বাচন আইন ১৯৯১ অনুযায়ী, পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন কমিশনকে রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হয়।
