এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। গত বছর এমন প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ১৩৪টি। অর্থাৎ এক বছরের ব্যবধানে শূন্য পাস প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে দ্বিগুণেরও বেশি, ১৭৮টি।
অন্যদিকে, এবার শতভাগ শিক্ষার্থী পাস করেছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা কমে ৬৬৯টিতে নেমেছে। গত বছর এ সংখ্যা ছিল ৯৮৪। অর্থাৎ শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে ৩১৫টি।
আজ সোমবার এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার মোট ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন। পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন।
সকাল ১০টা ১৫ মিনিটে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
শূন্য পাস করা ৩১২ প্রতিষ্ঠানের মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে রয়েছে ৫৭টি। গত বছর এ সংখ্যা ছিল ৪৮টি।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে শূন্য পাস প্রতিষ্ঠানের সংখ্যা এবার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ বছর ২২৬টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করেনি। গত বছর এ সংখ্যা ছিল ৮৬টি।
কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এবার ২৯টি প্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। গত বছর এই বোর্ডের কোনো প্রতিষ্ঠানেই শূন্য পাসের ঘটনা ছিল না।
সামগ্রিকভাবে, গত বছরের তুলনায় এবার শূন্য পাস প্রতিষ্ঠানের সংখ্যা দ্বিগুণের বেশি হয়েছে। একই সময়ে শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে কমেছে।
