প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সম্প্রতি পদত্যাগ করা সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমসহ ৩৮ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।
আজ সোমবার দুপুরে ব্যাংকের পক্ষে দুদক কার্যালয়ে অভিযোগটি জমা দেন ইসলামী ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ করপোরেট শাখার সহকারী ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইয়াসিন আলী।
ব্যাংকের অভিযোগ, মোহাম্মদ শাহাবুদ্দিন ব্যাংকটির ভাইস চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদের সদস্য থাকাকালে ঋণসংক্রান্ত এসব অনিয়ম হয়।
অভিযোগে বলা হয়, ২০১৭ সালে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেওয়ার পর সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেডের ঋণসীমা অনিয়মের মাধ্যমে ১০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫০০ কোটি টাকা করা হয়। পরে বর্ধিত ঋণসীমার বিপরীতে অর্থ উত্তোলন করে তা আত্মসাৎ করা হয়।
ইসলামী ব্যাংকের অভিযোগ অনুযায়ী, সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেডের পক্ষে অনিয়ম করে ঋণ অনুমোদনে ব্যবসায়ী সাইফুল আলম ভূমিকা রাখেন। ব্যাংক প্রতিষ্ঠানটিকে অ্যাননটেক্স গ্রুপের ইউনুস বাদলের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করেছে।
অভিযোগে আরও বলা হয়, সে সময় ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ শাহাবুদ্দিন এবং সাবেক তিন ব্যবস্থাপনা পরিচালক মুনিরুল মাওলা, আবদুল হামিদ মিয়া ও মাহবুব উল আলমসহ সংশ্লিষ্ট অন্যরা ঋণ অনুমোদনে ভূমিকা রাখেন।
ব্যাংকের দাবি, ঋণ অনুমোদন ও বিতরণে অনিয়মের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিরা আর্থিকভাবে লাভবান হয়েছেন।
অভিযোগে আরও বলা হয়, ঘটনাটি তদন্তে নিয়োগ পাওয়া চারটি নিরীক্ষা প্রতিষ্ঠানের প্রতিবেদনে ঋণসীমা বৃদ্ধি, ঋণ অনুমোদন এবং অর্থ বিতরণে বিভিন্ন অনিয়মের তথ্য উঠে এসেছে।
ব্যাংকটির অভিযোগ, সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেডের আর্থিক সক্ষমতা ও ঋণ পরিশোধের সামর্থ্য যথাযথভাবে মূল্যায়ন না করেই ঋণসীমা বাড়ানো হয়েছিল। পরে ওই অর্থ ব্যাংকের স্বার্থের পরিপন্থি কোনো কাজে ব্যবহার করা হয়েছে কি না, তা তদন্ত করে দেখার জন্য দুদকের কাছে অনুরোধ জানিয়েছে ব্যাংক।
মোহাম্মদ শাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার প্রায় দুই বছর আগে, গত ২৪ জুলাই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেন।
