আন্তর্জাতিক ক্রিকেট খেলা ৭ জনকে নিয়ে টপ এন্ড টি-টোয়েন্টির বাংলাদেশ দল

নয়টি দল নিয়ে আগামী ২১ থেকে ৩০ আগস্ট পর্যন্ত অস্ট্রেলিয়ার ডারউইনে চলবে টপ এন্ড টি-টুয়েন্টি সিরিজের এবারের আসর। সেখানে অংশ নিতে মঙ্গলবার ১৫ সদস্যের এইচপি (হাই পারফরম্যান্স) দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

স্কোয়াডে আছেন বাংলাদেশের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা থাকা সাতজন খেলোয়াড়। তারা হলেন— সাব্বির রহমান, রাকিবুল হাসান, আবদুল গাফফার সাকলাইন, রিপন মন্ডল, আবু হায়দার রনি, মৃত্যুঞ্জয় চৌধুরী ও শামীম হোসেন পাটোয়ারি। অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে উইকেটরক্ষক-ব্যাটার ইরফান শুক্কুরকে।

এইচপি ছাড়া অংশগ্রহণকারী বাকি আটটি দল হলো— অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি, অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমি, নিউজিল্যান্ড ‘এ’, নেপাল জাতীয় দল, হায়দরাবাদ কিংসমেন একাডেমি, ক্রিকেট ভিক্টোরিয়া একাদশ, হোবার্ট হারিকেন্স একাডেমি ও নর্দার্ন টেরিটরি স্ট্রাইক।

আগামী ১৪ আগস্ট অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়বে এইচপি দল। পুরো টুর্নামেন্টই অনুষ্ঠিত হবে ডারউইনে। এটি হতে যাচ্ছে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম আসর। বাংলাদেশের প্রতিনিধিত্বকারী দল গত দুটি আসরে অংশ নিয়েছিল। ২০২৪ সালে অভিষেকে তারা ফাইনালে উঠলেও শিরোপা জেতা হয়নি।

প্রাথমিক পর্বে অংশগ্রহণকারী প্রতিটি দল ছয়টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। এরপর অনুষ্ঠিত হবে সেমিফাইনাল ও ফাইনাল। আগামী ২২ আগস্ট নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ এইচপি তাদের অভিযান শুরু করবে।

এরপর ২৩ আগস্ট হোবার্ট হারিকেন্স, ২৪ আগস্ট ক্রিকেট ভিক্টোরিয়া, ২৫ আগস্ট অ্যাডিলেড স্ট্রাইকার্স, ২৭ আগস্ট নিউজিল্যান্ড ‘এ’ এবং ২৮ আগস্ট স্বাগতিক নর্দান টেরিটরির মুখোমুখি হবে লাল-সবুজ জার্সিধারীরা।

বাংলাদেশ এইচপি দল:

ইরফান শুক্কুর (অধিনায়ক), হাবিবুর রহমান সোহান, জিশান আলম, এস এম মেহেরব হাসান, সামিউন বশির রাতুল, সাব্বির রহমান, রোহানাত দৌল্লা বর্ষণ, রাকিবুল হাসান, আরিফুল ইসলাম, আবদুল গাফফার সাকলাইন, রিপন মন্ডল, মো. রুবেল, আবু হায়দার রনি, শামীম হোসেন পাটোয়ারি ও মৃত্যুঞ্জয় চৌধুরী।

Related Articles

Latest Posts