রূপালি পর্দায় নিজের অভিনয়শৈলী নিখুঁত করে তুলতে কয়েক দশক কাটিয়ে দিয়েছেন ব্র্যাড পিট। বিখ্যাত এই হলিউড অভিনেতা এবার নেইমারকে জড়িয়ে করেছেন কৌতূকপূর্ণ মন্তব্য। তার মতে, ফুটবল মাঠে ‘ফাউলের শিকার হওয়ার অভিনয়’ করার ক্ষেত্রে ব্রাজিলের এই তারকা ফুটবলারের আরও কিছু উন্নতির প্রয়োজন রয়েছে।
ব্রাজিলের লাইফস্টাইল বিষয়ক ম্যাগাজিন এস্কোয়ারের সাথে আলাপচারিতার সময় প্যারাগুয়ে ও জার্মানির মধ্যকার ২০২৬ বিশ্বকাপের শেষ বত্রিশের ম্যাচটি দেখেছিলেন পিট। ৬২ বছর বয়সী এই অস্কারজয়ী তারকার সেই সাক্ষাৎকার সম্প্রতি প্রকাশিত হয়েছে। ম্যাচটি চলাকালে প্যারাগুয়ের একজন খেলোয়াড়কে ট্যাকলের শিকার হয়ে বেশ নাটকীয়ভাবে মাঠে লুটিয়ে পড়তে দেখেন পিট। দৃশ্যটি দেখে ফুটবলারদের ফাউলের শিকার হওয়ার পর অহেতুক নাটক করা নিয়ে মতামত দেওয়ার পাশাপাশি নেইমারের দিকে আঙুল তোলেন তিনি।
পিট বলেন, ‘আমি সিমুলেশন (ফাউলের শিকার হওয়ার অভিনয়) শেখানোর একটা কোর্স শুরু করতে যাচ্ছি। কারণ এই খেলোয়াড়গুলোর (অভিনয়ের) অবস্থা খুবই শোচনীয়।’ এরপর তিনি বসা অবস্থা থেকে উঠে দাঁড়িয়ে অতিরঞ্জিতভাবে মাটিতে গড়িয়ে পড়ার অঙ্গভঙ্গি অনুকরণ করে দেখান।
প্যারাগুয়ের সেই ফুটবলারের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ‘(অভিনয়ের বিচারে) আমার দেখা অন্যতম বাজে পারফরম্যান্স ছিল এটি। আমি জানি ডাইভ দেওয়া খেলারই একটা অংশ। কিন্তু বিশ্বাস করুন, এদের বেশ ভালো রকমের সাহায্য দরকার।’
এরপর পিট তার আলাপে টেনে আনেন ব্রাজিল জাতীয় দলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমারকে। মাঠে মনোমুগ্ধকর দক্ষতা দেখানোর জন্য যেমন খ্যাতি আছে নেইমারের, তেমনি ফাউলের শিকার হওয়ার পর অতিরঞ্জিতভাবে তা উপস্থাপনের জন্যও নানা সময় সমালোচিত হয়েছেন তিনি। পিট বলেন, ‘আর আমি নেইমারকে দিয়েই (আমার কোর্স) শুরু করতে যাচ্ছি। কারণ মাঠে সে যতই ব্যালে নৃত্যশিল্পীর মতো ছন্দময় হোক না কেন, তার সহায়তার প্রয়োজন আছে। আমি তাকে শিখিয়ে দেব কীভাবে একটা দৃশ্যকে বিশ্বাসযোগ্য করে তুলতে হয়, কীভাবে বিষয়টি সূক্ষ্মভাবে করতে হয় এবং অতিরিক্ত নাটকীয়তা না করে সত্যি হিসেবে ফুটিয়ে তুলতে হয়। আমার কাছে এটা নিয়ে পুরো একটি পাঠ্যসূচি প্রস্তুত আছে।’
পিট এমন এক সময়ে হাস্যরসাত্মক এই মন্তব্যগুলো করেছেন, যখন নেইমারের ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা ক্রমাগত বাড়ছে। ৩৪ বছর বয়সী এই চোটপ্রবণ ফরোয়ার্ড ইতোমধ্যে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন। নরওয়ের কাছে হেরে সবশেষ ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো থেকে ব্রাজিলের বিদায়ের পর তিনি এই ঘোষণা দেন। টুর্নামেন্টে মাত্র দুটি ম্যাচ খেলে একটি গোল করেন তিনি।
সেই কঠিন অভিজ্ঞতার পর শিগগিরই সব ধরনের ফুটবল থেকে অবসরের সম্ভাবনাও উড়িয়ে দেননি নেইমার। বর্তমানে স্বদেশি ক্লাব সান্তোসের সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন তিনি, যার মেয়াদ চলতি বছরের ডিসেম্বরে শেষ হবে। আপাতত সান্তোসের হয়ে সেরাটা দেওয়া এবং চুক্তির সময়সীমা পূরণ করাই তার প্রধান লক্ষ্য।
