মাদারীপুরে বোমা বিস্ফোরণে ৪ মাদ্রাসাশিক্ষার্থী আহত

মাদারীপুরের কালকিনি উপজেলায় বোমা বিস্ফোরণে মাদ্রাসার চার শিক্ষার্থী আহত হয়েছে। তাদের মধ্যে গুরুতর আহত একজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গোপালপুর এলাকায় দারুসসুন্নাহ মহিলা মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও সদর-কালকিনি সার্কেল) ফারিহা রফিক ভাবনা দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মাদ্রাসার সামনে বিস্ফোরণ ঘটে। শিক্ষার্থীরা সেখানে টিফিন খেতে গেলে বৈঠকখানার বাইরে বলসদৃশ একটি বস্তু দেখতে পায়। তারা সেটি হাতে নিয়ে নাড়াচাড়া করার সময় বিস্ফোরণ ঘটে। পুলিশের প্রাথমিক ধারণা, বস্তুটি ককটেলজাতীয় বোমা।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, স্থানীয় আধিপত্যকে কেন্দ্র করে ওই এলাকায় বিভিন্ন সময়ে ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনা ঘটে। তবে বোমাটি কীভাবে সেখানে এলো, তা এখনো জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

‘ঘটনার পর পুলিশ, সিআইডি ও র‍্যাবের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বোমা বিস্ফোরণের পর স্থানীয়রা আহত চার শিক্ষার্থীকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর এক শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান’, বলেন তিনি।

 

Related Articles

Latest Posts