মেহেরপুরের পৌর এলাকার গুরুত্বপূর্ণ স্থানে উঁচু বৈদ্যুতিক তারে ঝুলন্ত অবস্থায় সন্দেহজনক বস্তু উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শহরজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়।
আজ শনিবার ভোরে প্রথমে মেহেরপুর বিশ্ববিদ্যালয় ভবনের সামনে বৈদ্যুতিক তারে ঝুলন্ত অবস্থায় একটি বস্তু দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুটি উদ্ধার করে।
এরপর শহরের কোর্ট মোড় এলাকা ও সোনালী ব্যাংকের সামনেও বৈদ্যুতিক তারে ঝুলন্ত অবস্থায় দুটি বস্তু পাওয়া যায়।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির দ্য ডেইলি স্টারকে বলেছেন, ‘উদ্ধার করা বস্তুগুলো ব্যাটারিচালিত অটোরিকশার সাউন্ড বক্স (অ্যামপ্লিফায়ার)।’
‘শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে,’ বলেন তিনি।
স্থানীয় বাসিন্দাদের দাবি, এসব অ্যামপ্লিফায়ারে বঙ্গবন্ধুর ভাষণ বেজে উঠেছিল।
তবে মেহেরপুরের পুলিশ সুপার (এসপি) উজ্জ্বল কুমার রায় জানিয়েছেন, এই তথ্য সঠিক নয়। তিনি ডেইলি স্টারকে বলেন, ‘এগুলো অকার্যকর অবস্থায় পাওয়া গেছে। এমনকি কোনো মেমোরি কার্ড জাতীয় কিছু পাওয়া যায়নি।’
