ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক: না মানলে আইন, এআইভিত্তিক ‘অটো ফাইন’

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু করছে হাইওয়ে পুলিশ।

আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে হাইওয়ে পুলিশ জানায়, আগামী ১৮ আগস্ট থেকে মহাসড়কে নির্ধারিত গতিসীমা অতিক্রম (ওভারস্পিড), অবৈধ পার্কিং, উল্টোপথে গাড়ি চালানোসহ বিভিন্ন ট্রাফিক আইন লঙ্ঘন করলে এ প্রযুক্তির মাধ্যমে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এতে আরও বলা হয়, এ ব্যবস্থায় এআই ক্যামেরার মাধ্যমে আইন অমান্যকারী যানবাহন শনাক্ত করা হবে। পরে স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট যানবাহনের নিবন্ধিত মালিকের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে মামলার তথ্য পাঠানো হবে। মামলার তথ্য পাওয়ার পর যানবাহনের মালিক নির্ধারিত পদ্ধতিতে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে জরিমানার অর্থ পরিশোধ করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রযুক্তিনির্ভর এই ব্যবস্থার ফলে মহাসড়কে সংঘটিত বিভিন্ন ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা দ্রুত শনাক্ত, প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ এবং বিধি অনুযায়ী জরিমানা আদায়ের কার্যক্রম আরও দ্রুত, স্বচ্ছ, নির্ভুল ও কার্যকর হবে।

 

Related Articles

Latest Posts