গাজীপুরে জঙ্গলে ছড়িয়ে-ছিটিয়ে ছিল ১২টি ঘোড়ার হাড়গোড়, চামড়া

গাজীপুরে জঙ্গলের ভেতর থেকে জবাই করা অন্তত ১২টি ঘোড়ার মাথা, চামড়া, পা, নাড়িভুঁড়ি ও হাড়গোড় উদ্ধার করা হয়েছে।

স্থানীয়দের ধারণা, ঘোড়াগুলো জবাই করে মাংস নিয়ে যাওয়ার পর এসব দেহাবশেষ সেখানে ফেলে রাখা হয়েছে।

আজ সোমবার ভোরে উপজেলার কর্ণপুর-বরমী আঞ্চলিক সড়কের বরমী ও গোসিংগা ইউনিয়নের সীমান্তবর্তী মুদিপাড়া এলাকায় ঘোড়ার এসব দেহাবশেষ পাওয়া যায়।

ঘাস কাটতে গিয়ে স্থানীয় কয়েকজন প্রথমে বিষয়টি দেখতে পান। পরে খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সেখানে যান।

স্থানীয় বাসিন্দা মো. হানিফ মিয়া বলেন, কর্ণপুর-বরমী আঞ্চলিক সড়ক থেকে একটি পায়ে হাঁটা পথ জঙ্গলের ভেতরে চলে গেছে। ওই পথের দুই পাশে ছড়িয়ে-ছিটিয়ে ঘোড়ার বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ পড়ে ছিল। দেখে মনে হয়েছে, সেখানে ঘোড়া জবাই করে মাংস নিয়ে যাওয়া হয়েছে।

গোসিংগা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য সুমন প্রধান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘোড়ার মাথাসহ বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ পড়ে থাকতে দেখেছেন তিনি।

শ্রীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আশরাফ হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, ১২টি ঘোড়া জবাই করে মাংস নিয়ে যাওয়া হয়েছে। ভোররাতে ঘোড়াগুলো জবাই করা হয়ে থাকতে পারে। 
তিনি বলেন, ঘটনাস্থল থেকে ঘোড়াগুলোর মাথা, চামড়া, পা, নাড়িভুঁড়ি ও হাড়গোড় উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে। জড়িতদের শনাক্ত করা গেলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ফেলে যাওয়া দেহাবশেষগুলো মাটিচাপা দেওয়ার ব্যবস্থা করা হবে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

Related Articles

Latest Posts