মাদক সেবনের অভিযোগে নরসিংদীতে পুলিশ কনস্টেবল আটক

নরসিংদীর বেলাবতে মাদক ব্যবসায়ীদের সঙ্গে মাদক সেবনের সময় শামসুল ইসলাম নামের এক পুলিশ কনস্টেবলসহ চারজনকে ধরে পুলিশে দিয়েছেন স্থানীয় লোকজন।

গত সোমবার রাতে উপজেলা সদরের মাটিয়ালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ।

আটক ব্যক্তিরা হলেন বেলাব থানার পুলিশ কনস্টেবল শামসুল ইসলাম, বেলাব মাটিয়ালপাড়ার মৃত আলী আকবরের ছেলে উজ্জ্বল মিয়া (৩৭), ইব্রাহিমপুর গ্রামের মো. আতস আলীর ছেলে রকি (২৮) ও মৃত মজনু মিয়ার ছেলে মো. বাদল (৩৭)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে মাটিয়ালপাড়া এলাকার একটি বাগানবাড়িতে মাদক কারবারিদের সঙ্গে পুলিশ কনস্টেবল সামসুল ইসলামসহ বেশ কয়েকজন মাদক সেবন করছিলেন। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন বাগানবাড়িটি ঘেরাও করে তাদের আটকে রাখেন। আটক সামসুল ইসলাম বেলাব থানায় কনস্টেবল পদে কর্মরত।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বেলাব থানার ওসি এস এম আমান উল্লাহ বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

উল্লেখ্য, এর আগে গত ২৭ এপ্রিল বেলাব উপজেলার খামারের চর এলাকা থেকে মো. জীবন মিয়া (২৮) নামের এক পুলিশ কনস্টেবলকে ৫০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। তিনি নরসিংদীর বেলাব থানায় কর্মরত ছিলেন।

Related Articles

Latest Posts