ফারুকের সঙ্গে ববিতা-কবরীর আলোচিত সিনেমার যত গান

নায়ক ফারুকের জন্মদিন আজ। ১৯৪৮ সালের এই দিনে জন্মগ্রহণ করেছিলেন তিনি। এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। ১৯৭৫ সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ২০১৬ সালে ভূষিত হন আজীবন সম্মাননায়। ২০২৩ সালের ১৫ মে মারা যান এই বরেণ্য অভিনেতা।

ফারুক অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে আছে ‘সারেং বৌ’, ‘লাঠিয়াল’, ‘সুজন সখী’, ‘নয়নমণি’, ‘মিয়া ভাই’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘সাহেব’, ‘আবার তোরা মানুষ হ’, ‘আলোর মিছিল’, ‘দিন যায় কথা থাকে’, ‘সখী তুমি কার’, ‘কথা দিলাম’, ‘সূর্য গ্রহণ’ ইত্যাদি।

নায়ক ফারুক বেশ কয়েকজন নায়িকার বিপরীতে সিনেমায় অভিনয় করেছেন। এর মধ্যে ববিতা ও কবরীর বিপরীতে অভিনয় করা তার সিনেমার গানগুলো দর্শকদের মধ্যে বেশ আলোচিত হয়েছিল। এমন কিছু জনপ্রিয় গান নিয়েই এই আয়োজন।

ববিতা

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় জুটি ববিতা ও ফারুক প্রায় ৪০টি সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন। তাদের অভিনীত সবচেয়ে সাড়া জাগানো সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘নয়নমণি’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘লাঠিয়াল’, ‘আলোর মিছিল’, ‘ডুমুরের ফুল’, ‘প্রিয় বান্ধবী’ ও ‘এতিম’।

চুল ধইরোনা খোঁপা খুলে যাবে হে নাগর: ফারুক-ববিতা অভিনীত ও আমজাদ হোসেন পরিচালিত ‘নয়নমণি’ সিনেমার এই গানটি গেয়েছেন সাবিনা ইয়াসমিন। গানটির গীতিকার গাজী মাজহারুল আনোয়ার এবং সুরকার সত্য সাহা।

কী দিয়া যে কী করি: ফারুক-ববিতা অভিনীত ও আকবর কবীর পিন্টু পরিচালিত ‘কথা দিলাম’ সিনেমার এই গানটি গেয়েছেন রথীন্দ্রনাথ রায়। গানটির সুরকার আলম খান।

গাঁয়ে এসে এক গাঁয়ের ছেলের প্রেমে পড়েছি: ফারুক-ববিতা অভিনীত ও আকবর কবীর পিন্টু পরিচালিত ‘কথা দিলাম’ সিনেমার এই গানটি গেয়েছেন রুনা লায়লা। গানটির গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান এবং সুরকার আলম খান।

জীবনের এই পথে যেতে: ফারুক-ববিতা অভিনীত ও জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ সিনেমার এই গানটি দ্বৈতকণ্ঠে গেয়েছেন সৈয়দ আবদুল হাদী ও সাবিনা ইয়াসমিন। গানটির গীতিকার মনিরুজ্জামান মনির এবং সুরকার আলাউদ্দিন আলী।

পিরিতের বাগানে করি: ফারুক-ববিতা অভিনীত ও জহিরুল হক পরিচালিত ‘ঘর জামাই’ সিনেমার এই গানে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন। গানটির সুরকার আলম খান।

কবরী

বাংলা সিনেমার সোনালি যুগের জনপ্রিয় জুটি ফারুক ও কবরী। তারা একসঙ্গে অনেক দর্শকনন্দিত চলচ্চিত্রে অভিনয় করেছেন। এর মধ্যে ‘সুজন সখী’ ও ‘সারেং বৌ’ অন্যতম।

সব সখীরে পার করিতে নেব আনা আনা: ফারুক-কবরী অভিনীত ও খান আতাউর রহমান পরিচালিত ‘সুজন সখী’ সিনেমার এই গানটি গেয়েছেন আবদুল আলীম। গানটির গীতিকার ও সুরকার খান আতাউর রহমান।

ওরে নীল দরিয়া: ফারুক-কবরী অভিনীত ও আবদুল্লাহ আল-মামুন পরিচালিত ‘সারেং বৌ’ সিনেমার এই গানটি গেয়েছেন আবদুল জব্বার। গানটির গীতিকার মুকুল চৌধুরী এবং সুরকার আলম খান।

হীরামতি হীরামতি ও হীরামতি: ফারুক-কবরী অভিনীত ও আবদুল্লাহ আল-মামুন পরিচালিত ‘সারেং বৌ’ সিনেমার এই গানটি গেয়েছেন রথীন্দ্রনাথ রায়। গানটির গীতিকার মুকুল চৌধুরী এবং সুরকার আলম খান।

Related Articles

Latest Posts