ডারউইনে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের কাছে ৯ উইকেটের হারের পর অস্ট্রেলিয়া ক্রিকেটে শুরু হয়েছে তোলপাড়। দ্বিতীয় টেস্টের দল থেকে ওপেনার জেইক ওয়েদারল্ডকে বাদ দেওয়া এবং তার জায়গায় ম্যাট রেনশোকে ফেরানোর সিদ্ধান্ত নিয়েও তুমুল সমালোচনার মুখে পড়েছে অসি ক্রিকেট বোর্ড। সাবেক অসি অলরাউন্ডার ও ফক্স স্পোর্টসের ধারাভাষ্যকার ব্র্যান্ডন জুলিয়ানের মতে, ওয়েদারল্ডের ওপর সিদ্ধান্তটা বড্ড নিষ্ঠুর হয়েছে, আর ম্যাকাওয়েতে আন্তর্জাতিক ক্যারিয়ার বাঁচানোর শেষ লড়াইয়ে নামতে যাচ্ছেন রেনশো।
প্রথম টেস্টের দুই ইনিংসে ২৩ ও ০ রান করা ওয়েদারল্ডকে ছাঁটাই করাকে বিস্ময়কর বলছেন জুলিয়ান। বিশেষ করে হেড কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড যেখানে আগে বলেছিলেন একাদশে তাড়াহুড়ো করে বদল আনার মতো আবেগীয় সিদ্ধান্ত নেবেন না তারা, , তার ২৪ ঘণ্টার মধ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হলো।
জুলিয়ান বলেন, ‘ডারউইনের উইকেটে প্রথম ইনিংসে পেসাররা মারাত্মক সুইং ও সিম মুভমেন্ট পাচ্ছিল। হাসান মাহমুদদের সেই তোপের মুখে পড়ে কেবল ওয়েদারল্ড নয়, টপ অর্ডারের সবাই সংগ্রাম করেছে। তাকে অন্তত আরও একটি সুযোগ দেওয়া উচিত ছিল।’
ওয়েদারল্ডের জায়গায় আসা ৩০ বছর বয়সী ম্যাট রেনশোর এটি টেস্ট দলে চতুর্থবারের মতো প্রত্যাবর্তন। শেফিল্ড শিল্ডে ৪৯.৯ গড়ে তিনটি সেঞ্চুরি করে সুযোগ পেলেও ট্র্যাভিস হেডের সঙ্গে ওপেনিংয়ে নামতে যাওয়া রেনশোকে কড়া সতর্কবার্তা দিয়ে রেখেছেন জুলিয়ান।
জুলিয়ানের স্পষ্ট কথা, ‘রেনশোর জন্য এটা “ডু অর ডাই” ম্যাচ। এবার সুযোগ কাজে লাগাতে না পারলে আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ারের অধ্যায় সেখানেই শেষ হয়ে যেতে পারে।’
কেবল রেনশোই নন, কড়া নজর থাকছে মারনাস লাবুশানের ওপরও। তিন নম্বরে খেলা লাবুশানে সাম্প্রতিক টেস্ট গড় ২৬-এর ঘরে নেমে এসেছে। ম্যাকায়ে তিনি রান না পেলে অক্টোবরের দক্ষিণ আফ্রিকা সফরের দলে তার জায়গা নিয়েও বড় প্রশ্ন উঠবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
উত্তর কুইন্সল্যান্ডের ম্যাকাওয়েতে সিরিজে সমতা ফেরানোর লক্ষ্য নিয়ে নামবে স্বাগতিকরা। তবে প্রথম টেস্ট জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা বাংলাদেশ পেস আক্রমণের মুখে অসি ব্যাটারদের এই অগ্নিপরীক্ষা মোটেও সহজ হবে না।
