বাংলাদেশের বিপক্ষে ডারউইন টেস্টে ব্যর্থতার নেতিবাচক প্রভাব পড়ল অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ে। আইসিসি টেস্ট ব্যাটিং র্যাঙ্কিংয়ে অবনতি হলো এতদিন শীর্ষে থাকা ট্রাভিস হেডের। এক ধাক্কায় চারে নেমে গেলেন এই বাঁহাতি ওপেনার।
বুধবার ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সেখানে তিন ধাপ অবনমন হয়েছে হেডের। ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারা টেস্টের দুই ইনিংসেই হাসান মাহমুদের বলে ইনসাইড এজ হয়ে বোল্ড হন তিনি। প্রথম ইনিংসে ২২ ও দ্বিতীয় ইনিংসে ১৭ রানে আউট হন। তার রেটিং পয়েন্ট ৮১৯।
হেড ব্যাট হাতে সুবিধা করতে না পারায় কপাল খুলেছে হ্যারি ব্রুকের। না খেলেই এক ধাপ এগিয়ে শীর্ষস্থান ফিরে পেয়েছেন ইংল্যান্ডের এই মিডল অর্ডার ব্যাটার। তার রেটিং পয়েন্ট ৮৫২। ব্রুকের মতোই না খেলে এক ধাপ এগিয়ে দ্বিতীয় স্থান দখল করেছেন তার সতীর্থ জো রুট। তার রেটিং পয়েন্ট ৮৪০।
হেডের সতীর্থ স্টিভেন স্মিথের এক ধাপ উন্নতি হয়েছে। ডারউইনের ৭১ ও ৪৪ রানের ইনিংস খেলে ৮৩৩ রেটিং পয়েন্ট নিয়ে তিনে উঠে এসেছেন তিনি। উন্নতি হয়েছে অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিনেরও। দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়ে ১০৪ রান করায় পাঁচ ধাপ এগিয়েছেন তিনি। তার অবস্থান এখন ৩০ নম্বরে।
তবে অবনতি হয়েছে অ্যালেক্স ক্যারি ও মারনাস লাবুশেনের। দুজনের কেউই মারারা স্টেডিয়ামে সুবিধা করতে পারেননি। ক্যারি দুই ধাপ পিছিয়ে ১৫ ও লাবুশেন তিন ধাপ পিছিয়ে ৩৬ নম্বরে নেমে গেছেন।
এদিন গলে শ্রীলঙ্কার বিপক্ষে ১৬৫ রানে জেতা টেস্টে না খেললেও বোলিং র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন জাসপ্রিত বুমরাহ। ভারতের এই তারকা পেসারের রেটিং পয়েন্ট ৮৭০। তিন নম্বরে টিকে আছেন অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার মিচেল স্টার্ক। না খেলেও ষষ্ঠ স্থান ধরে রেখেছেন স্কট বোল্যান্ড।
ডারউইনে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট নেওয়া জশ হ্যাজেলউড আগের মতোই নয়ে আছেন। তবে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের অবনতি হয়েছে এক ধাপ। বাংলাদেশের বিপক্ষে মাত্র ১ উইকেট পাওয়ায় তিনি নেমে গেছেন পাঁচে। দুই ধাপ পিছিয়ে ১২ নম্বরে অবস্থান করছেন অফ স্পিনার ন্যাথান লায়ন।
টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষে রয়েছেন ভারতের রবীন্দ্র জাদেজা। দক্ষিণ আফ্রিকার মার্কো ইয়ানসেন দ্বিতীয় ও বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ তৃতীয় স্থান ধরে রেখেছেন।
