২০১৮ সালে ভারতকে হারিয়ে রোমাঞ্চকর এক স্মৃতি উপহার দিয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। এশিয়া কাপের সেই স্মরণীয় ট্রফি জয় ছিল দেশের নারী ক্রিকেটের অন্যতম সেরা অর্জন। ছয় বছর পর আবারও সেই ইতিহাস পুনরাবৃত্তির স্বপ্ন নিয়ে সংযুক্ত আরব আমিরাতের পথ ধরছেন নিগার সুলতানা জ্যোতিরা। ২৬ আগস্ট টুর্নামেন্টে অংশ নিতে দেশ ছাড়ার আগে মিরপুরে সংবাদ সম্মেলনে সেই আত্মবিশ্বাসের কথাই শুনিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।
বিগত আসরগুলোতে শেষ চারের বাধা টপকাতে না পারলেও এবার স্পষ্ট লক্ষ্য ফাইনাল ও শিরোপা। জ্যোতি বলেন, ‘আমাদের এশিয়া কাপ জেতার সুন্দর একটা রেকর্ড আছে। সেদিক থেকে এবারও একটি মাইলস্টোন যোগ করার সুযোগ থাকবে।
সেমিফাইনালে গিয়ে বারবার বাদ পড়ার যে ব্যারিয়ার তৈরি হয়েছে, এবার আমরা সেটা ভাঙতে চাই। ফাইনাল খেলতে পারলে শিরোপা জয়ের রাস্তা আবারও খুলে যাবে।’
শ্রীলঙ্কায় কন্ডিশনিং ক্যাম্প ও দুটি প্রস্তুতি ম্যাচ খেলে দল বেশ ভালো প্রস্তুত বলে জানান তিনি। গ্রুপ পর্বে থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও শ্রীলঙ্কাকে মোকাবিলা করবে বাংলাদেশ। জ্যোতি মনে করেন, গ্রুপ পর্বে ভালো ক্রিকেট খেলে চ্যাম্পিয়ন হতে পারলে সেমিফাইনালে ভারতের মতো দলগুলোকে এড়ানো সহজ হবে, যা ফাইনালে ওঠার পথ অনেকটাই মসৃণ করবে।
ভারতের সঙ্গে মুখোমুখি লড়াই নিয়ে জ্যোতি যোগ করেন, ‘ভারতের সঙ্গে খেলা মানেই ক্লোজ লড়াই। স্কিলের দিক থেকে আমরা পিছিয়ে নেই, তবে সুযোগগুলো পারফরম্যান্সে ডাইভার্ট করার জায়গায় ভুল হয়ে যায়। মাঠে পজিটিভ অ্যাটিটিউড রাখাটা তাই অনেক বেশি ইম্পর্টেন্ট।’
২০১৮ সালের সেই স্বর্ণালী স্মৃতির পুনরাবৃত্তি ঘটিয়ে নতুন এক মাইলফলক স্পর্শ করতেই এবার মরুর দেশে পাড়ি জমাচ্ছে লাল-সবুজের দল।
