অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে দারুণ পারফরম্যান্সের পর ইংলিশ কাউন্টি ক্রিকেটে খেলার সুযোগ তৈরি হয়েছিল শরিফুল ইসলামের সামনে। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারছেন না বাংলাদেশের বাঁহাতি পেসার। ব্যস্ত আন্তর্জাতিক সূচি ও ওয়ার্কলোড বিবেচনায় তাকে কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলার জন্য অনাপত্তিপত্র (এনওসি) দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার বদলে কাউন্টিতে খেলার অনুমতি পেয়েছেন পেসার সৈয়দ খালেদ আহমেদ।
কেন্টের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলার কথা ছিল শরিফুলের। তার আগে হাসান মাহমুদও একই দলের হয়ে খেলেছেন এবং নজর কেড়েছেন। হাসানের পর শরিফুলেরও ইংলিশ কন্ডিশনে লাল বলের ক্রিকেট খেলার সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে সেই পরিকল্পনা থেকে সরে এসেছে বিসিবি।
এক বিসিবি কর্মকর্তা মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শরিফুলের ওয়ার্কলোড এবং সামনে থাকা আন্তর্জাতিক সূচির কথা বিবেচনা করে তাকে এনওসি দেওয়া হয়নি।’
শরিফুলের সামনে এখন একের পর এক আন্তর্জাতিক সিরিজ। সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের লাল বলের ব্যস্ততা রয়েছে। তিন সংস্করণেই নিয়মিত খেলা শরিফুলকে সেই ব্যস্ত সূচির আগে পর্যাপ্ত বিশ্রাম দেওয়াকেই অগ্রাধিকার দিয়েছে বোর্ড।
বিসিবির আরেকটি সূত্র বলেছে, ‘শরিফুলের সামনে ম্যাচের চাপ অনেক বেশি। কাউন্টি চ্যাম্পিয়নশিপেও ওয়ার্কলোড অনেক হবে। তাই সেপ্টেম্বর থেকে অক্টোবরের আন্তর্জাতিক সূচিকে বোর্ড বেশি গুরুত্ব দিয়েছে।’
শরিফুলের ক্ষেত্রে বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সাম্প্রতিক চোটের কারণে। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টের সিরিজের আগে চোটের কারণে প্রথম টেস্টে খেলতে পারেননি তিনি। তবে দ্বিতীয় টেস্টে ফিরে দুর্দান্ত বোলিং করে নেন সাত উইকেট। তার এমন পারফরম্যান্সের পর স্বাভাবিকভাবেই তাকে নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করছে বিসিবি।
একই সঙ্গে পেসার নাহিদ রানার চোটও বোর্ডের ওয়ার্কলোড নিয়ে ভাবনাকে আরও জোরালো করেছে। সাইড স্ট্রেইনের কারণে অস্ট্রেলিয়ার পুরো সিরিজই মিস করেছেন নাহিদ। ফলে সামনের ব্যস্ত আন্তর্জাতিক সূচিতে গুরুত্বপূর্ণ পেসারদের সতেজ রাখতে চাইছে বিসিবি।
সূত্রটি আরও জানিয়েছে, ‘শরিফুল তিন সংস্করণেই খেলে এবং সম্প্রতি চোট থেকে ফিরেছে। সে কারণেই তাকে এনওসি দেওয়া সম্ভব হয়নি।’
তবে কাউন্টি খেলার সুযোগ থেকে পুরোপুরি বঞ্চিত হচ্ছে না বাংলাদেশ। শরিফুলের পরিবর্তে এবার কেন্টের হয়ে খেলার অনুমতি পেয়েছেন খালেদ। বিসিবির সূত্র জানিয়েছে, খালেদ নিজেই এনওসির জন্য আবেদন করেছিলেন এবং বোর্ড সেটি অনুমোদন করেছে।
