গাজীপুর মহানগরীর কোনাবাড়ীর দেউলিয়াবাড়ি এলাকায় একটি ঝুটের গোডাউনে আগুন লেগেছে।
আজ বৃহস্পতিবার ভোরের দিকে স্থানীয় লোকজন গোডাউনটিতে আগুন দেখতে পান। কোনাবাড়ী ফায়ার সার্ভিসের তিনটি এবং সারাবো ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
কোনাবাড়ী ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খাইরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, ভোর সাড়ে ৫টার দিকে স্থানীয় লোকজন গোডাউনে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
স্থানীয় বাসিন্দা আহমদ আলী বলেন, ‘ভোরে হঠাৎ গোডাউনের ভেতর থেকে আগুন ও ধোঁয়া বের হতে দেখি। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এলাকাবাসী প্রথমে নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন।’
কোনাবাড়ী থানার ডিউটি অফিসার সাগর মিয়া বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
