আগামী মাসে জাপানে হতে যাওয়া এশিয়ান গেমসে অংশগ্রহণকারী অ্যাথলেটদের বাসস্থানের সংকট তৈরি হয়েছে। পর্যাপ্ত পরিমাণ ঘরের ব্যবস্থা করতে না পারায় শেষ মুহূর্তে যুক্ত হওয়া প্রতিযোগীদের ‘নিজেদের থাকার ব্যবস্থা নিজেদেরই’ করতে বলেছেন আয়োজকরা।
আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়া ও আইচি অঞ্চলে এশিয়ান গেমস অনুষ্ঠিত হওয়ার কথা। শুরুতে ধারণা করা হয়েছিল প্রায় ১৫ হাজার অ্যাথলেট ও কর্মকর্তা এই প্রতিযোগিতায় অংশ নেবেন।
তবে চলতি বছরের শুরুর দিকে টেকবল (ফুটবল ও টেবিল টেনিসের সমন্বয়ে গঠিত খেলা) ও প্যাডেল যুক্ত হওয়ায় পর পরিস্থিতি পাল্টে গেছে। গত সপ্তাহে অলিম্পিক কাউন্সিল অব এশিয়া নিশ্চিত করে যে, অংশগ্রহণকারীর সংখ্যা দাঁড়াবে প্রায় ১৭ হাজার।
নাগোয়ার মেয়র ও স্থানীয় আয়োজক কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইচিরো হিরোসাওয়া জানান, এবারের গেমসের পুরো আয়োজনটি সীমিত বাজেটে হতে যাওয়ায় এত বিপুল সংখ্যক মানুষের থাকার ব্যবস্থা করা অত্যন্ত কঠিন।
আয়োজক কমিটির সভাপতি ও আইচি প্রিফেকচারের গভর্নর হিদেয়াকি ওমুরা জানান, শেষ মুহূর্তে যোগ হওয়া অ্যাথলেটদের জন্য প্রয়োজনীয় থাকার ব্যবস্থা করার মতো পর্যাপ্ত জনবল বা বাজেট— কোনোটিই আয়োজকদের নেই।
ওমুরা ব্যাখ্যা করে বলেন, ‘আয়োজক শহরের চুক্তিতে ১৫ হাজার জনের অংশগ্রহণের কথা উল্লেখ ছিল। এর চেয়ে বেশি লোকের জন্য আমরা কোনো বাজেট বরাদ্দ রাখিনি। তাদের থাকার মতো আসলেই আর কোনো জায়গা নেই। তারা যদি এখনও আসতে চান, তবে তাদের থাকার ব্যবস্থা নিজেদেরই করতে হবে।’
অলিম্পিক গেমসের মতো এবারের এশিয়ান গেমসে কোনো নির্দিষ্ট ‘অ্যাথলেটস ভিলেজ’ নেই। আয়োজকরা প্রতিযোগীদের জন্য অস্থায়ী বাসস্থানের পথ বেছে নিয়েছেন।
চার থেকে পাঁচ হাজার অ্যাথলেটকে বন্দর এলাকায় নোঙর করে রাখা ইতালিয়ান প্রমোদতরী কোস্তা সেরেনাতে রাখা হবে। আরও দুই হাজার জন থাকবেন শিপিং কন্টেইনারের মতো দেখতে বিশেষ ঘরে। বাকি অ্যাথলেট ও কর্মকর্তাদের টোকিওর বিভিন্ন হোটেলে রাখা হবে।
