কাপ্তাই হ্রদের পানির চাপ কমাতে চতুর্থ দফায় এবার ৩ ফুট করে খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি গেট।
আজ রোববার সকাল ১০টার দিকে গেটের এ উচ্চতা বাড়ানো হয় বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান।
এর আগে গতকাল রাত ৮টা ২০ মিনিটে ১৬টি গেটই ছয় ইঞ্চি করে খোলা হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে তা এক ফুট করা হয়। আজ সকাল ৬টা ৪৫ মিনিটে গেটগুলো আরও এক ফুট বাড়িয়ে দুই ফুট করে খোলা হয়।
ব্যবস্থাপক মাহমুদ বলেন, ‘সকালে স্পিলওয়ের ১৬টি গেট মোট ৩ ফুট করে খোলা হয়েছে। এতে প্রতি সেকেন্ডে ৫৮ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশিত হচ্ছে। বর্তমানে কাপ্তাই লেকের পানির উচ্চতা ১০৬ দশমিক ২২ ফুট মিন সি লেভেলে (এমএলএস) রয়েছে। পানির স্তর আর না বেড়ে স্থিতিশীল রয়েছে।’
কাপ্তাই বাঁধের সর্বোচ্চ পানির ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল হলেও ১০৮ ফুট উচ্চতাকে বিপৎসীমা হিসেবে গণ্য করা হয়।
নিয়ন্ত্রণকক্ষ সূত্রে জানা গেছে, বর্তমানে বিদ্যুৎকেন্দ্রটির পাঁচটি ইউনিট থেকে ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে।
