ব্রিটেনের পুলিশ একটি কঠিন দায়িত্ব পেয়েছে। চুরি যাওয়া ৭০ হাজার পাইন্ট (৪০ হাজার লিটার) বিয়ার উদ্ধার করতে হবে তাদের।
যুক্তরাজ্যের লিভারপুলের কাছে অবস্থিত শিল্পনগরী রানকর্নের ডিপো থেকে চুরি যাওয়া বিয়ারের দাম প্রায় এক লাখ ১৫ হাজার পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় এক কোটি ৯০ লাখ ৬৫ হাজার টাকা)।
গতকাল বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি।
রানকর্নে দুই ব্যক্তি দুটি ট্রেলার ট্রাক চুরি করে পালিয়ে যান। ট্রাক দুটিতে বিয়ার উৎপাদনকারী প্রতিষ্ঠান গিনেসের ঘন, কালো রঙের ‘গিনেস স্টাউট’ ব্র্যান্ডের বিয়ার রাখা ছিল।
গোয়েন্দা বিভাগের কর্মকর্তা সার্জেন্ট গ্যারি ম্যাকক্ল্যাচি এপিকে বলেন, ‘কথিত আছে, গিনেস আপনার জন্য ভালো। কিন্তু সেটি কেবল তখনই সত্য হতে পারে যখন উপযুক্ত দাম পরিশোধ করে এটি কেনা হয়।’
‘আমরা চুরি যাওয়া সামগ্রী পুরোপুরি উদ্ধার না করা পর্যন্ত সন্তুষ্ট হব না’, অঙ্গীকার করেন তিনি।
ট্রাকে সংরক্ষিত বিয়ার একাধিক পানশালায় সরবরাহ করার কথা ছিল।
কিন্তু সোমবার রাতে দুই ব্যক্তি গাড়ি চালিয়ে রানকর্নের একটি শিল্প এলাকায় গিয়ে প্রায় ৮০০ ব্যারেল স্টাউটভর্তি ট্রেলার দুটি নিয়ে পালিয়ে যান।
ট্রেলার দুটির মূল্য আনুমানিক ৫০ হাজার পাউন্ড (৮২ লাখ ৪১ হাজার টাকা)।
এর মাত্র কয়েক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রে বিয়ার চুরির ঘটনা মানুষের নজর কেড়ে নেয়।
প্রায় ৩৪ হাজার ক্যান প্যাবস্ট ব্লু রিবন বিয়ার চুরির ঘটনায় প্রস্তুতকারক প্রতিষ্ঠান সামাজিক যোগাযোগমাধ্যম বেশ কয়েকটি মজার পোস্ট দেয়। পোস্টগুলো ব্যাপক আলোচনার জন্ম দেয়।
প্রতিষ্ঠানটি ইনস্টাগ্রামে লিখেছিল, ‘চোরকে বলছি: আপনার বন্ধুদের কাছে কত পিবিআর আছে তা নিয়ে বড়াই করতে চাইলে আমরা আপনাকে দোষ দেবো না। তবে আপনি এগুলো সম্মানজনক উপায়ে সংগ্রহ করলে আমরা খুশি হতাম। পুনশ্চ—এটি সত্যি এবং আমরা বিষয়টিকে খুবই গুরুত্ব-সহকারে নিয়েছি।’
দক্ষিণ ক্যালিফোর্নিয়ার গুদাম থেকে প্যাবস্ট বিয়ার চুরির এই ঘটনটি ঘটে। পুলিশের অনুমান, চুরি যাওয়া বিয়ারের মূল্য অন্তত ৭০ হাজার ডলার (৮৬ লাখ ১০ হাজার টাকা)।
বিয়ারের খোঁজ এনে দেওয়ার জন্য প্রতিষ্ঠানটি ২০ হাজার ডলার পুরস্কারও ঘোষণা করেছিল।
