সরকার গণমাধ্যম নিয়ন্ত্রণ করছে না, ভবিষ্যতেও করবে না: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সরকার গণমাধ্যম নিয়ন্ত্রণ করছে না এবং ভবিষ্যতেও করবে না।

আজ শুক্রবার দুপুরে নেত্রকোণার কেন্দুয়া উপজেলা পাবলিক হলে ‘রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম-২০২৬’-এর ওরিয়েন্টেশন ক্লাস ও কৃতী এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো উদ্যোগ সরকারের নেই। সাংবাদিকরা যেন নির্ভয়ে ও স্বাধীনভাবে কাজ করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে।

তিনি বলেন, সুস্থ সাংবাদিকতা বজায় রাখা এবং অনিয়ম প্রতিরোধে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) জেলা ও উপজেলা পর্যায়ে সাংবাদিকদের প্রশিক্ষণ দিচ্ছে। একইসঙ্গে জনগণের কাছে সঠিক সংবাদ পৌঁছে দেওয়া ও গণমাধ্যমের মান বজায় রাখতে প্রেস কাউন্সিলকে শক্তিশালী করার কাজ চলছে।

ইয়াসের খান বলেন, হলুদ সাংবাদিকতা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতা পুরোপুরি অক্ষুণ্ন থাকবে।

বর্তমানে গণমাধ্যম অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে বলেও মন্তব্য করেন তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, গণমাধ্যম নিয়ন্ত্রণে কোনো পদক্ষেপ না নিতে বিএনপি ও প্রধানমন্ত্রী তারেক রহমানের স্পষ্ট নির্দেশনা রয়েছে। বরং গণমাধ্যমকে কীভাবে আরও স্বাধীন করা যায়, সে বিষয়ে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারকে ‘মানবিক সরকার’ হিসেবে উল্লেখ করে সাংবাদিকদের ভয়কে জয় করে সাহসের সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। বলেন, গত ১৭ বছর সাংবাদিকরা ভয়ের মধ্যে ছিলেন। বর্তমান সরকার সেই পরিস্থিতির পরিবর্তন করতে চায়।

তবে মতপ্রকাশের স্বাধীনতার নামে এমন কিছু লেখা বা বলা উচিত নয়, যা সামাজিকভাবে কাউকে হেয় করে বা কারও জীবন হুমকির মুখে ফেলে’, বলেন তিনি।
 

Related Articles

Latest Posts