গোপালগঞ্জের মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।
আজ রোববার সকাল সোয়া ১০টার দিকে উপজেলার গেঁড়াখোলা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বাসের আহত যাত্রীদের উদ্ধার করেন। পরে তাদের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন দ্য ডেইলি স্টারকে বলেন, খুলনা থেকে ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের বাসটি গেঁড়াখোলা সেতু পার হওয়ার পর চালক নিয়ন্ত্রণ হারালে মহাসড়ক থেকে ছিটকে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন যাত্রী নিহত হন। আহত হন অন্তত ১৫ জন।
তিনি বলেন, দুর্ঘটনার সময় বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল হয়ে যাওয়ায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতের সংখ্যা আরও বাড়তে পারে। দুর্ঘটনার কারণ জানতে পুলিশ কাজ করছে বলেও জানান ওসি।
