পিরোজপুরে অস্ত্র ও মাদকসহ এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি পাঁচটি ফৌজদারি মামলার আসামি।
গতকাল রোববার সন্ধ্যায় পিরোজপুর সদর উপজেলার বাঁশবাড়িয়া গ্রাম থেকে রাজিব খান (৩৮) নামের ওই তরুণকে গ্রেপ্তার করা হয়।
পরে রাতে পিরোজপুর সদর থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী এ তথ্য জানান।
গ্রেপ্তার রাজিব পিরোজপুর সদর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের মৃত নূর মোহাম্মাদ খানের ছেলে।
পুলিশ সুপার জানান, বিশেষ অভিযান চালিয়ে রাজিবের বসতঘর থেকে পিস্তলটি উদ্ধার করা হয়। যুক্তরাষ্ট্রে তৈরি ৭ দশমিক ৬৫ মিমি পিস্তলটিতে তিন রাউন্ড গুলি লোড করা ছিল। এ সময় তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজাও উদ্ধার করা হয়।
এ ঘটনায় অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় পিরোজপুর সদর থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
পুলিশ জানায়, রাজিবের বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, জুয়া আইন এবং ১৮৬০ সালের দণ্ডবিধির বিভিন্ন ধারায় মারামারি, হত্যাচেষ্টা, চুরি ও চাঁদা দাবির অভিযোগে পাঁচটি মামলা রয়েছে।
পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী জানান, রাজিব একজন পেশাদার মাদক কারবারি এবং তার দৃশ্যমান কোনো বৈধ আয়ের উৎস নেই।
