৩ মাসের মধ্যে ঢাকায় আবার চালু হচ্ছে ওয়াটার বাস: নৌপরিবহনমন্ত্রী

আগামী তিন মাসের মধ্যে ঢাকার ১১০ কিলোমিটার বৃত্তাকার নৌপথে ওয়াটার বাস সার্ভিস চালু হবে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

তুরাগ, বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা ও বালু নদীসহ বিস্তৃত নৌপথের নেটওয়ার্ক রয়েছে ঢাকাকে ঘিরে। কর্মকর্তারা মনে করেন, এসব পথে যাত্রীবাহী নৌযান চালু করা হলে রাজধানীর সড়কের ওপর চাপ কমবে এবং যানজট নিরসনে সহায়ক হবে।

আজ সোমবার বিকেলে সংসদে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য কামরুল হাসানের এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

ঢাকার চারপাশে ওয়াটার বাস সার্ভিস চালুর জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরিতে কর্তৃপক্ষ কাজ করছে উল্লেখ করে নৌপরিবহনমন্ত্রী বলেন, এ ধরনের সেবা এক দশক আগে চালু করা হয়েছিল। কিন্তু গত ১০ বছরে এতে ৫৭ কোটি টাকা লোকসান হয়েছে। অর্থাৎ, বছরে গড়ে ৫ কোটি ৭০ লাখ টাকা লোকসান।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এখন সমস্যাগুলো চিহ্নিত করে রাজধানীর নৌপথে আবারও ওয়াটার বাস চালুর জন্য নতুন উদ্যোগ নিয়েছে।

মন্ত্রী বলেন, ‘আমরা আশা করছি, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে এই সেবা চালু হবে।’

তিনি বলেন, ঢাকাকে ঘিরে থাকা নদীগুলোর তীরে ৪২৪টি দূষণস্থল চিহ্নিত করা হয়েছে, যেখানে উদ্বেগজনক হারে রাসায়নিক, তরল ও কঠিন বর্জ্য ফেলা হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ঢাকার চারপাশের পাঁচটি নদীকে দূষণমুক্ত করতে একটি সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, গতকাল একটি উচ্চপর্যায়ের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে এবং এই উদ্যোগ তদারকির জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। ইতোমধ্যে নদীগুলো পরিদর্শনও করা হয়েছে। নদীগুলোর তীরে পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়নে ওয়াসা, ঢাকার দুই সিটি করপোরেশন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, গাজীপুর সিটি করপোরেশন, বিআইডব্লিউটিএ এবং পানিসম্পদ মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করছে।

Related Articles

Latest Posts