হবিগঞ্জের আজমিরীগঞ্জে একটি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণি কক্ষের মেঝে ধসে পড়ে অন্তত পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে।
আজ সোমবার দুপুরে উপজেলার বদলপুর ইউনিয়নের পিরিজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কক্ষে ক্লাস চলাকালীন এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পরই স্থানীয়রা আহত শিশুদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। প্রয়োজনীয় চিকিৎসা শেষে তাদের বাড়িতে পাঠানো হয়।
বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সবুতর নেছা জানান, আজ দুপুরে ক্লাস চলাকালীন চতুর্থ শ্রেণির কক্ষের মেঝেতে হঠাৎ বড় ধরনের ফাটল দেখা দেয়। কিছু বুঝে ওঠার আগেই কক্ষের মেঝের একাংশ নিচের দিকে ধসে পড়ে। এতে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে পাঁচজন শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে আহত হয়।
এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ মো. রফিকুল ইসলাম বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমরা তাৎক্ষণিক সরেজমিনে পরিদর্শন করেছি। মূলত মেঝের একপাশের বালি ও মাটি সরে যাওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তবে বিদ্যালয়ের ভবনটি নতুন ছিল।’
আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. জসিম উদ্দিন চৌধুরী জানান, ঘটনার পরপরই এলজিইডি প্রকৌশলী ও শিক্ষা কর্মকর্তাকে সরেজমিনে পাঠানো হয়েছে। তাদের পরিদর্শন প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জেনে প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
