চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ক্রেন ছিঁড়ে ২ নাবিক আহত

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে একটি জাহাজে ইঞ্জিনের পিস্টনের কাজ করার সময় ওভারহেড ক্রেনের চেইন ছিঁড়ে দুই নাবিক গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় একজনের ডান হাত কবজি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এবং অপরজনের একটি আঙুল বিচ্ছিন্ন হয়েছে।

রোববার দুপুর দেড়টার দিকে এমভি ব্রেভ রয়েল জাহাজে এ দুর্ঘটনা ঘটে বলে আহতদের পরিবার ও জাহাজে থাকা সদস্যরা জানিয়েছেন।

আহতরা হলেন জাহাজটির ইঞ্জিনিয়ার জিয়াউর রহমান ফাহাদ এবং ইঞ্জিন ক্যাডেট শাহরুখ সালমান।

পরিবারের সদস্য ও জাহাজ সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, ইঞ্জিনের পিস্টনের কাজ চলাকালে জাহাজের ওভারহেড ক্রেনের চেইন ছিঁড়ে গেলে সেটি দুজনের ওপর পড়ে। এতে জিয়াউর রহমান ফাহাদের ডান হাত কবজি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। শাহরুখ সালমানের একটি আঙুলও বিচ্ছিন্ন হয়।

দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় জিয়াউর রহমান ফাহাদকে ঢাকার সিটি হাসপাতালে এবং শাহরুখ সালমানকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে জিয়াউরের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে বলে পরিবার জানিয়েছে।

এ বিষয়ে এমভি ব্রেভ রয়েল পরিচালনাকারী প্রতিষ্ঠান ভ্যানগার্ড মেরিটাইম লিমিটেডের মহাব্যবস্থাপক ক্যাপ্টেন নূরুল মোস্তফার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আহতদের চিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসকদের সঙ্গে কথা বলছি। দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রাফায়েত হামিম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘বিষয়টি আমাদের জানা নেই। আমি আমাদের মেরিন বিভাগের সঙ্গে যোগাযোগ করে বিস্তারিত জানাচ্ছি।’

পরবর্তীতে তিনি বলেন, জাহাজের সেকেন্ড অফিসারের সঙ্গে কথা হয়েছে। তিনি জানিয়েছেন, জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার সামান্য আহত হয়েছেন। এর বেশি তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Related Articles

Latest Posts