ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির নির্বাচন ৯০ দিনের মধ্যে আয়োজন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আজ বুধবার আদালত একইসঙ্গে রুল জারি করে জানতে চেয়েছেন, প্রতিষ্ঠানটির বর্তমান অ্যাডহক কমিটিকে কেন অবৈধ ঘোষণা করা হবে না।
প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনুস আলী আকন্দের করা রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এএফএম সাইফুল করিমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন এবং রুল জারি করেন।
শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, কলেজ পরিদর্শক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি এবং অধ্যক্ষকে রুলের বিবাদী করা হয়েছে।
আইনজীবী মো. ইউনুস আলী আকন্দ নিজেই রিট আবেদনটি পরিচালনা করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজ বিন ইউসুফ।
শুনানি শেষে ইউনুস আলী আকন্দ সাংবাদিকদের বলেন, গত ২৬ জুলাই প্রতিষ্ঠানটির অ্যাডহক কমিটি গঠিত হয় এবং সেখানে সভাপতি হিসেবে ইসমাইল জবিউল্লাহকে দায়িত্ব দেওয়া হয়।
জবিউল্লাহ বর্তমানে মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
রিটকারী আইনজীবীর ভাষ্য, বিদ্যমান বিধিমালায় কোনো ব্যক্তিকে টানা দুই মেয়াদের বেশি অ্যাডহক কমিটির সভাপতি বা সদস্য হিসেবে দায়িত্ব পালনে নিষেধ করা হয়েছে। গভর্নিং বডি সংক্রান্ত ২০২৪ সালের বিধিমালায় বলা হয়েছে, কোনো অ্যাডহক কমিটির সভাপতি বা সদস্য নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে ব্যর্থ হলে পরবর্তী কমিটিতে তাদের বহাল রাখা যাবে না। এসব বিধান থাকা সত্ত্বেও জাবিউল্লাহকে টানা তৃতীয় মেয়াদে অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
