ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সোমবারের অগ্নিকাণ্ডের পর পদদলিত হয়ে ছয়জনের মৃত্যুর খবর সঠিক নয় বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার।
তিনি বলেন, প্রশাসন মৃত্যুর খবর যাচাই করে দেখেছে, মৃতদের তালিকায় থাকা একজন ব্যক্তি জীবিত আছেন। আরও দুজন স্বাভাবিক কারণে মারা গেছেন।
সাংবাদিকদের তিনি বলেন, গণমাধ্যমে প্রকাশিত মৃত্যুর তালিকায় এমন একজনের নাম রয়েছে, যিনি জীবিত। আরও দুজন স্বাভাবিক কারণে মারা গেছেন। তাদের পরিবার আমাদের বিষয়টি নিশ্চিত করেছে যে, তারা স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন। হাসপাতালে আনার সময়ই তাদের মৃত্যু হয়েছিল। অন্য দুজনের মৃত্যুর সঠিক কারণ চিকিৎসকেরা আমাদের স্পষ্ট করে বলতে পারেননি।
তিনি আরও বলেন, ‘কিন্তু পদদলিত হয়ে ছয়জনের মৃত্যুর যে খবর প্রকাশিত হয়েছে, তা সঠিক নয়। হুড়োহুড়ি ও আতঙ্কের কারণে কয়েকজন আহত হয়েছেন। পদদলিত হয়ে কেউ মারা যাননি। আমরা সবার সঙ্গে কথা বলেছি, পদদলিত হয়ে কেউ মারা যাননি। ফায়ার সার্ভিসও আমাদের নিশ্চিত করেছে যে, পদদলিত হয়ে কারো মৃত্যু হয়নি।’
সোমবার রাত সাড়ে ১২টার দিকে হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব বলেন।
এর আগে স্থানীয় প্রশাসন জানিয়েছিল, মৃত্যুর খবর যাচাই করতে বিভিন্ন তালিকা, হাসপাতালের রেকর্ড এবং মর্গের তথ্য যাচাই করা হচ্ছে।
সোমবার সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালে আগুনের সূত্রপাত হয়। ভবনের বিভিন্ন তলায় ধোঁয়া ছড়িয়ে পড়লে রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, নিচে নামার সময় হুড়োহুড়িতে কয়েকজন আহত হন।
ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, পাঁচটি স্টেশনের ১০টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, লিফটে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে অতিরিক্ত তাপ সৃষ্টি হয়ে আগুনের সূত্রপাত হতে পারে। তবে তদন্তের পর আগুন লাগার সঠিক কারণ জানা যাবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
