অভিনেত্রী হিসেবে স্বাগতাকে সবাই চেনেন। তবে এর বাইরেও তার অনেক পরিচয় আছে। অভিনয়ের পাশাপাশি মডেলিং, উপস্থাপনা ও গান করছেন তিনি। ছোটবেলা থেকেই গানের সঙ্গে তার সম্পর্ক। তার বাবা প্রয়াত খোদা বক্স সানুও ছিলেন সংগীতের মানুষ।
স্বাগতার এমন একটি গল্প আছে, যা অনেকেরই অজানা। মাত্র সাড়ে তিন থেকে সাত বছর বয়সের মধ্যে চারটি সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। শিশুশিল্পী হিসেবে তার প্রথম সিনেমা ‘লিনজা’। এরপর অভিনয় করেন ‘সতীপুত্র আবদুল্লাহ’, ‘সম্মান’ ও ‘টপ মাস্তান’ সিনেমায়।

শৈশবে কেন সিনেমায় অভিনয় করেছিলেন, এমন প্রশ্নের জবাবে বলেন, মূলত মা-বাবার কারণেই ওই বয়সে সিনেমায় অভিনয়ে আসা।
ছোটবেলায় তরঙ্গ ললিতকলা একাডেমিতে অভিনয়ের প্রশিক্ষণও নেন স্বাগতা। তবে তার প্রথম ভালোবাসা ছিল গান। বাবার কাছেই গানের হাতেখড়ি। পরে অনীল কুমার সাহার কাছে ক্ল্যাসিক্যাল সংগীত শেখেন।
স্বাগতা বলেন, ‘গানের সঙ্গে আমার ভালোবাসা অনেক বছরের। দর্শক আমাকে অভিনেত্রী হিসেবেই বেশি চেনেন। কিন্তু গান এখনো ধরে রেখেছি।’
তার অভিনয়জীবনে বড় পরিবর্তন আসে খ্যাতিমান সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবদুল্লাহ আল মামুনের হাত ধরে। স্বাগতার বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের প্রধান ছিলেন তিনি। একদিন একটি ধারাবাহিকের জন্য অভিনয়ের প্রস্তাব দেন।
তখন স্বাগতার লক্ষ্য ছিল নির্মাতা হওয়া। তিনি অভিনয়ের প্রস্তাবে খুব একটা আগ্রহী ছিলেন না। কিন্তু আবদুল্লাহ আল মামুন তাকে উৎসাহ দিয়ে বলেছিলেন, অভিনয় করলেও অন্য কাজ করতে কোনো বাধা নেই।

স্যারের কথায় শেষ পর্যন্ত অভিনয়ে রাজি হন। এরপর আবদুল্লাহ আল মামুনের লেখা ‘এক জনমে’ ধারাবাহিকে অভিনয় করেন। দুই দশকেরও বেশি আগে করা এই ধারাবাহিকটি স্বাগতার অভিনয়জীবনে গুরুত্বপূর্ণ হয়ে আছে।
স্বাগতা বলেন, ‘আমার জন্য এটি বড় একটি সুযোগ ছিল। স্ক্রিপ্টও সুন্দর ছিল। অভিনয়ের সুযোগ ছিল। সবচেয়ে বড় কথা, ফেরদৌসী মজুমদারের মতো গুণী অভিনেত্রীসহ আরও অনেক বড় শিল্পী এই নাটকে অভিনয় করেছিলেন। তাদের সঙ্গে কাজ করাটাও আমার জন্য বড় অভিজ্ঞতা।’
এরপর ধীরে ধীরে অভিনয়ে নিজের জায়গা তৈরি করেন। নায়ক রাজ রাজ্জাকের সঙ্গেও অভিনয় করেছেন। কাজ করেছেন পরিচালক কাজী হায়াতের সিনেমায়। তার মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা ‘দেয়ালের দেশ’।

এখন মুক্তির অপেক্ষায় রয়েছে অভিনীত ‘মানুষের বাগান’। সিনেমাটির সেন্সরও হয়ে গেছে।
তবে স্বাগতার অভিনয়জীবনের আলোচিত অধ্যায়গুলোর একটি নায়ক মান্নার বিপরীতে অভিনয়। ‘শত্রু শত্রু খেলা’ সিনেমায় মান্নার বিপরীতে নায়িকা হিসেবে অভিনয় করেন তিনি। সিনেমাটি মুক্তির পর প্রশংসাও পেয়েছিলেন।
মান্নার সঙ্গে কাজের স্মৃতি মনে করে স্বাগতা বলেন, ‘মান্না ভাইয়ের সঙ্গে অভিনয় করে সবার প্রশংসা পেয়েছিলাম।’
গান থেকে অভিনয়—দুই মাধ্যমেই নিজের পথ তৈরি করেছেন। আর শৈশবে চারটি সিনেমায় অভিনয়ের সেই অজানা অধ্যায় তার ক্যারিয়ারের একেবারেই অন্যরকম গল্প।
