৩০ বছর পর বার্সেলোনার মাঠ ক্যাম্প ন্যুতে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

দীর্ঘ ৩০ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে বার্সেলোনার মাঠ ক্যাম্প ন্যুতে। এর আগে শেষবার ১৯৯৯ সালে ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতার ফাইনাল হয়েছিল এই স্টেডিয়ামে।

মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে আগামী ২০২৮ ও ২০২৯ সালের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের ভেন্যু বেছে নেওয়ার ঘোষণা দিয়েছে উয়েফা। ২০২৮ সালের ফাইনাল অনুষ্ঠিত হবে বায়ার্নের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায়। আর ২০২৯ সালের ফাইনাল আয়োজনের দায়িত্ব পেয়েছে বার্সেলোনার পুনর্নির্মিত ক্যাম্প ন্যু স্টেডিয়াম।

এর আগে সবশেষ ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল আয়োজন করেছিল আলিয়াঞ্জ অ্যারেনা। সেবার একপেশে লড়াইয়ে ইন্টার মিলানকে ৫-০ গোলে হারিয়ে এই টুর্নামেন্টে নিজেদের প্রথম শিরোপা ঘরে তোলে পিএসজি।

অন্যদিকে, ১৯৯৯ সালে ক্যাম্প ন্যুতে হওয়া চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালটি ছিল মহানাটকীয়। ওই ম্যাচে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের দুই গোলে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। বায়ার্ন মিউনিখের হৃদয় ভেঙে ২-১ ব্যবধানে জিতে চ্যাম্পিয়ন হয়েছিল তারা।

চ্যাম্পিয়ন্স লিগের চলমান মৌসুমের অর্থাৎ ২০২৭ সালের ফাইনাল আয়োজিত হবে অ্যাতলেতিকো মাদ্রিদের মাঠ ওয়ান্দা মেত্রোপলিতানো। ফলে দুই বছরের মাথায় ক্যাম্প ন্যুর ফাইনাল দিয়ে আবারও ইউরোপের ক্লাব ফুটবলের মূল মঞ্চ দখল করবে স্পেন।

ইউরোপের অন্যান্য ক্লাব প্রতিযোগিতার ফাইনালের আয়োজকও চূড়ান্ত করেছে উয়েফা। ইউরোপা লিগের ২০২৮ সালের ফাইনাল বুখারেস্টে এবং ২০২৯ সালের ফাইনাল বেলগ্রেডে হবে।

কনফারেন্স লিগের ২০২৮ সালের ফাইনাল অনুষ্ঠিত হবে তুরিনে এবং ২০২৯ সালের ফাইনাল হবে বুদাপেস্টে। আর উয়েফা সুপার কাপ বসবে ২০২৭ সালে আমস্টারডামে এবং ২০২৮ সালে আস্তানায়।

Related Articles

Latest Posts