ময়মনসিংহ, গাজীপুর ও ঢাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ১৬ জন। গতকাল বৃহস্পতিবার রাতে এবং আজ শুক্রবার সকালে এসব দুর্ঘটনা ঘটে।
এর মধ্যে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাজির শিমলা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি বাস পেছন থেকে তিনটি যানবাহনকে ধাক্কা দিলে দুজন নিহত ও ১০ জন আহত হন।
নিহতরা সিএনজিচালিত অটোরিকশার পুরুষ যাত্রী। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়দের বরাতে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ জানান, সকাল সোয়া ৭টার দিকে ময়মনসিংহগামী একটি বাস অন্য একটি বাসকে অতিক্রম করার সময় যাত্রী বহনকারী দুইটি হিউম্যান হলার (মাহেন্দ্র) ও একটি সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ওই যানবাহনগুলোর ১২ যাত্রী আহত হন।
ওসি জানান, তাদের দ্রুত ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে দুজনের মৃত্যু হয়। আহত অন্য যাত্রীদের পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ ঘাতক বাসটি জব্দ করলেও চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
গাজীপুরে মহাসড়কে নিহত ২
এদিকে গাজীপুরের কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশায় ড্রাম ট্রাকের ধাক্কায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন।
সকাল ৯টার দিকে কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের বীরউজলী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুর থেকে যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। বীরউজলী বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাক সিএনজিটিকে ধাক্কা দেয়।
এতে ড্রাম ট্রাক ও সিএনজি সড়কের পাশে পড়ে যায়। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ ঘটনায় হতাহতরা সিএনজির যাত্রী বলে জানান স্থানীয় বাসিন্দারা।
কাপাসিয়া থানার টোক তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, এ ঘটনায় একজন নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।
কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সামিয়া হক দ্য ডেইলি স্টারকে বলেন, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় অন্তত পাঁচজনকে হাসপাতালে আনা হয়েছে। তারা চিকিৎসাধীন।
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিরাপত্তাকর্মী নিহত
রাজধানীর যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভারে দুর্ঘটনায় চান মিয়া কবির (৩২) নামে এক এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এতে কবিরের বন্ধু সুমন মিয়া (২৪) আহত হয়েছেন।
দুর্ঘটনার পর প্রথমে আহত অবস্থায় আহত দুজন হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকাল সাড়ে ৮টার দিকে কবিরকে মৃত ঘোষণা করা হয়।
হাসপাতালে কবিরের রুমমেট পবন চন্দ্র দাস বলেন, কবির মতিঝিল সোনালী ব্যাংকের নিরাপত্তাকর্মী ছিলেন। ওয়ারী গোপীবাগ তুতীয় লেনের এলাকায় একটি কক্ষে আমরা দুজন থাকতাম। রাতে কবির বন্ধু সুমনের মোটরসাইকেলে বাইরে যায়।
তিনি আরও বলেন, রাতেই জানতে পারি যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা লেগে দুজন গুরুতর আহত হন। পথচারীরা তাদের দুজনকে হাসপাতালে নিয়ে যান। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কবিরকে মৃত ঘোষণা করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে। আহত সুমন শেরে বাংলা নগর প্রাইম ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতালে ভর্তি আছেন। বিষয়টি যাত্রাবাড়ি থানা পুলিশ তদন্ত করছে।
