নতুন পে-স্কেলের বকেয়া মিলবে চলতি মাসের বেতনের সঙ্গে

নতুন পে-স্কেল কার্যকরের তারিখ থেকে বকেয়া অর্থ চলতি সেপ্টেম্বর মাসের বেতনের সঙ্গেই পাবেন সরকারি চাকরিজীবীরা।

অর্থ মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে আজ এই তথ্য জানানো হয়েছে। গত ১৭ সেপ্টেম্বর জাতীয় পে-স্কেল ২০২৬-এর প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, নতুন পে-স্কেল গত ১ জুলাই থেকে কার্যকর গণ্য হবে।

গত ৩১ আগস্ট সরকারি কর্মচারীদের জন্য নবম পে-স্কেল অনুমোদন দেয় সরকার। এতে সর্বোচ্চ গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন দ্বিগুণ করা হয়েছে। আর নিচের গ্রেডের মূল বেতন বেড়েছে রেকর্ড ১৪২ শতাংশ পর্যন্ত।

অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন পে-স্কেল ধাপে ধাপে কার্যকর করা হবে।

১০ থেকে ২০ গ্রেডের কর্মীদের ক্ষেত্রে ২০২৬ সালের ৩০ জুনে পাওয়া মূল বেতনের সঙ্গে নতুন পে-স্কেল ও বিদ্যমান মূল বেতনের পার্থক্যের ৫০ শতাংশ যোগ করা হবে। এই হারে বেতন দেওয়া হবে ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

পরবর্তী ধাপে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত বাড়তি মূল বেতনের ৭৫ শতাংশ দেওয়া হবে।

সবশেষ ধাপে, ২০২৭ সালের ১ জুলাই থেকে নতুন পে-স্কেলের পুরো ১০০ শতাংশ বেতন এবং নিয়মিত বার্ষিক বেতন বৃদ্ধি (ইনক্রিমেন্ট) কার্যকর হবে। 

১ থেকে ৯ গ্রেডের কর্মকর্তাদের ক্ষেত্রে ২০২৬ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বেতন বাড়তি বেতনের ৪০ শতাংশ দেওয়া হবে।

২০২৭ সালের ১ জানুয়ারি থেকে এটা বেড়ে ৭০ শতাংশ হবে। আর ২০২৭ সালের ১ জুলাই থেকে নতুন পে-স্কেলের পুরো ১০০ শতাংশ বেতন কার্যকর হবে।

এদিকে, অন্যান্য সব ভাতা ২০২৬ সালের ৩০ জুনে যে হারে দেওয়া হয়েছে, সেই হারেই ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দেওয়া হবে।

নতুন প্রজ্ঞাপনে নির্ধারিত ভাতার হার কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে।

এর আগে সর্বশেষ জাতীয় পে-স্কেল চালু হয়েছিল ২০১৫ সালে। তখন সেটাই ছিল সর্বোচ্চ বেতন বৃদ্ধির ঘটনা। ওই পে-স্কেলে সর্বোচ্চ গ্রেডে মূল বেতন ৯৫ শতাংশ এবং সর্বনিম্ন গ্রেডে ১০১ শতাংশ বেড়েছিল।

Related Articles

Latest Posts