ইত্যাদির এবারের পর্ব জামালপুরে

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হয়েছে জামালপুরে।

আগামী ২৫ সেপ্টেম্বর শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে পর্বটি প্রচারিত হবে। বরাবরের মতো এবারও অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।

ইত্যাদির এই পর্বে থাকছে দুটি ভিন্ন ধরনের গান। একটিতে কণ্ঠ দিয়েছেন শ্রোতাপ্রিয় শিল্পী পান্থ কানাই ও তসিবা বেগম। লিটন অধিকারী রিন্টুর কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ।

অন্যটি হলো জামালপুর জেলা পরিচিতিমূলক নৃত্যগীত। দ্বৈত কণ্ঠে গানটি গেয়েছেন মিজান মাহমুদ রাজীব ও সিঁথি সাহা। মনিরুজ্জামান পলাশের কথায় এর সুর ও সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা। এস কে জাহিদের নৃত্য পরিচালনায় এই গানের সঙ্গে স্থানীয় বাঙালি ও গারো নৃত্যশিল্পীদের পরিবেশনা থাকবে।

এবারের ইত্যাদিতে থাকছে জামালপুরের নকশিকাঁথা এবং ঐতিহ্যবাহী খাবার ‘মিল্লি বা পিঠালি’র ওপর বিশেষ প্রতিবেদন। এ ছাড়া জেলার ইতিহাস, ঐতিহ্য ও প্রত্নসম্পদের ওপর একটি তথ্যভিত্তিক চিত্র তুলে ধরা হয়েছে। শারীরিক প্রতিবন্ধকতা জয় করে স্বাবলম্বী হওয়া এক দম্পতির জীবনসংগ্রাম নিয়ে রয়েছে একটি অনুপ্রেরণামূলক প্রতিবেদন।

বিদেশি প্রতিবেদন পর্বে প্রাচীন ঐতিহ্য ও আধুনিক প্রযুক্তির অপূর্ব মেলবন্ধনে গড়ে ওঠা চীনের নয়নাভিরাম ‘সুঝৌ’ সিটির চিত্র তুলে ধরা হবে। এ ছাড়া ‘কাশেম টিভির রিপোর্টার ও নাতি’র প্রাণবন্ত আলাপসহ ইত্যাদির নিয়মিত সব আয়োজন থাকছে।

Related Articles

Latest Posts