অভয়নগরে ঐতিহ্যবাহী ডিঙি নৌকাবাইচ

যশোরের অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের ধূলগ্রামের চাঁদের বিলে ঐতিহ্যবাহী ডিঙি নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার বিকেলে পল্লী কল্যাণ সমিতির উদ্যোগে এ নৌকাবাইচের আয়োজন করা হয়।

আয়োজকরা জানান, প্রতিযোগিতায় বিভিন্ন এলাকার ১৭টি ডিঙি নৌকা অংশ নেয়। নৌকাবাইচ দেখতে বিলের দুই পাড়ে বিপুলসংখ্যক মানুষ জড়ো হন।

প্রতিযোগিতায় ইমান আকুঞ্জির নৌকা প্রথম এবং দীপঙ্কর সরকারের নৌকা দ্বিতীয় স্থান অর্জন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ডা. এ টি এম মঞ্জুর মোরশেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল কাশেম।

পল্লী কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক এস এম নজরুল ইসলাম বলেন, ডিঙি নৌকাবাইচ দীর্ঘদিন ধরে গ্রাম বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে যুক্ত।

তিনি বলেন, আধুনিকতার প্রভাবে গ্রামীণ ঐতিহ্যের অনেক উপাদান হারিয়ে যাচ্ছে। নতুন প্রজন্মের সঙ্গে এই হারিয়ে যেতে বসা ঐতিহ্যের পরিচয় করিয়ে দিতেই এ আয়োজন করা হয়েছে।

সিদ্ধিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল কাশেম বলেন, ডিঙি নৌকাবাইচ শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতিরও গুরুত্বপূর্ণ অংশ।

তিনি বলেন, এ ধরনের উদ্যোগ আমাদের ঐতিহ্যবাহী গ্রামীণ সংস্কৃতি সংরক্ষণে ভূমিকা রাখতে পারে।

Related Articles

Latest Posts