কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমের (১৩) প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। আজ রোববার সকাল সোয়া ১০টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদসংলগ্ন খেলার মাঠে তার জানাজা হয়।

জানাজায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নেন। এরপর সকাল ১১টায় গন্ধমতি ঈদগাহ মাঠে অপ্রতিমের দ্বিতীয় জানাজা হওয়ার কথা রয়েছে।

অপ্রতিমের মা ড. নাহিদা বেগম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক। তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার। কোটবাড়ী-গন্ধমতি এলাকায় তাদের বাড়ি। অপ্রতিম কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলে সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবারের সদস্যদের তথ্য অনুযায়ী, গত শুক্রবার বিকেল তিনটার দিকে আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তোলার কথা বলে বাসা থেকে বের হয় সে। কিন্তু এরপর সে আর ফিরে আসেনি। বিভিন্ন জায়গায় খোঁজ করেও সন্ধান না পেয়ে ওই দিনই অপ্রতিমের বাবা সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পরদিন গতকাল শনিবার দুপুর একটার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে আড়াই কিলোমিটার দূরে লালমাই পাহাড়ের সানন্দা এলাকায় অপ্রতিমের লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এলাকাটি অপ্রতিমদের বাড়ি থেকে প্রায় চার কিলোমিটার দূরে।

অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার দ্য ডেইলি স্টারকে বলেন, ‘সম্ভবত আইফোনটিই তার মৃত্যুর কারণ হয়েছে।’

আইফোন উদ্ধার

পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতভর সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অপ্রতিমকে এক যুবকের সঙ্গে সানন্দা পাহাড়ের দিকে যেতে দেখা যায়। স্থানীয়দের সহায়তায় ওই যুবককে সানন্দা এলাকার নূরে আলমের ছেলে তুহিন হিসেবে শনাক্ত করা হয়।

লাশ উদ্ধারের পর এ ঘটনায় জড়িত সন্দেহে তিন তরুণকে আটক করে পুলিশ। তারা হলেন—তুহিন, আনাস ও ফাহিম। তাদের সবার বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে। শনিবার বেলা তিনটার দিকে প্রথমে তুহিনকে আটক করা হয় এবং পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অপর দুজনকে আটক করে পুলিশ।

কুমিল্লা কোটবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মফিজ উদ্দিন ভূঁইয়া জানান, শনিবার রাতে সানন্দা এলাকায় তুহিনের বাড়িতে অভিযান চালিয়ে নিহত অপ্রতিমের সঙ্গে থাকা আইফোনটি উদ্ধার করেছে জেলা পুলিশ।

Related Articles

Latest Posts