যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণ: আ. লীগ নেতাসহ গ্রেপ্তার ৪

রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

গ্রেপ্তার চারজন হলেন মো. রায়হান উদ্দিন (৩৫), রাসেল খান (৩২), আলাউদ্দিন (২৮) ও আবদুল্লাহ (২৮)।

আজ রোববার রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবি ওয়ারী বিভাগের উপকমিশনার মোল্লা মো. শাহীন।

তিনি জানান, গত ১৮ সেপ্টেম্বর রাত আটটার দিকে যাত্রাবাড়ী থানার সামনে পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে একজন অটোরিকশাচালক আহত হন। পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে রায়হানকে শনাক্ত করে। শনিবার বংশাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবির এই কর্মকর্তা আরও জানান, রায়হানের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল দিবাগত রাত সোয়া ১২টার দিকে লালবাগের জয়ন সাহা রোডের একটি ১০ তলা ভবনে অভিযান চালানো হয়। ভবনটির নিচতলার পার্কিং এলাকায় একটি পিলারের পাশে ইটের সুরকির বস্তা থেকে অবিস্ফোরিত চারটি ককটেল উদ্ধার করা হয়। ডিএমপির বম্ব ডিসপোজাল ইউনিট এগুলো নিষ্ক্রিয় করে।

গ্রেপ্তার ব্যক্তিদের রাজনৈতিক পরিচয়ের বিষয়ে জানতে চাইলে মোল্লা মো. শাহীন বলেন, রায়হান ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বংশাল থানার ৩২ নম্বর ওয়ার্ডের ৬ নম্বর ইউনিটের দপ্তর সম্পাদক। তিনি এর আগে মতিঝিল থানায় দায়ের করা একটি সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার হয়ে পাঁচ মাস কারাগারে ছিলেন। সম্প্রতি জামিনে মুক্ত হয়ে তিনি আবারও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। গ্রেপ্তার অপর তিনজনও আওয়ামী লীগের সক্রিয় সদস্য বলে দাবি করেন ডিবির এই কর্মকর্তা।

তিনি বলেন, জনমনে আতঙ্ক সৃষ্টি করতে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছিলেন। গত দুই-তিন দিনে ঢাকার বিভিন্ন স্থানে এ ধরনের ঘটনা ঘটেছে। যাত্রাবাড়ীর ঘটনাটিও এরই অংশ ছিল।

ককটেল বিস্ফোরণের ওই ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Related Articles

Latest Posts