ধামরাইয়ে চীনা কর্মকর্তাকে বেঁধে কারখানা থেকে ৭০ লাখ টাকা লুটের অভিযোগ

ঢাকার ধামরাইয়ে একটি ব্যাটারি কারখানার চীনা কর্মকর্তাকে রশি দিয়ে বেঁধে লকার থেকে নগদ ৭০ লাখ টাকা লুটের অভিযোগ করেছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।

উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বেলিশ্বর এলাকায় ‘জিয়াংশু স্টোরেজ ব্যাটারি বিডি কোম্পানি’ নামে ওই চীনা কারখানায় শনিবার রাত ১২টার পর এ ঘটনা ঘটে।

আজ রোববার দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

কারখানা কর্মকর্তাদের দাবি, গতকাল রাত সাড়ে ১১টার দিকে কারখানার ইনচার্জ ও ক্যাশিয়ার লি পেংগুই নিজের শয়নকক্ষে ঘুমাতে যান। রাত সোয়া ১২টার দিকে মুখে মাস্ক পরা ৩ জন কারখানার পেছন দিক দিয়ে টয়লেটের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে।

কারখানায় ঢুকে তারা চীনা কর্মকর্তার শয়নকক্ষে প্রবেশ করে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা রশি দিয়ে বেঁধে লকারের চাবি নিয়ে ৭০ লাখ টাকা নিয়ে চলে যায়।

কারখানাটির ইনচার্জ ও ক্যাশিয়ার লি পেংগুই সাংবাদিকদের জানান, দুর্বৃত্তরা ভেতরে ঢুকে তার গলায় ছুরি ধরে লকারের চাবি নিয়ে নেয়।

ওসি নাজমুল হুদা খান বলেন, এ ঘটনায় কারখানার পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হবে। দ্রুত এটি মামলা হিসেবে নথিবদ্ধ হবে। ভুক্তভোগীর দেওয়া তথ্য অনুযায়ী, দুর্বৃত্তরা ৭০ লাখ টাকা লুট করেছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অপরাধীদের শনাক্ত ও টাকা উদ্ধারে পুলিশের অভিযান চলছে।’

Related Articles

Latest Posts