মেসি-সুয়ারেজের গোলেও জয় অধরা মায়ামির

বড় দুই তারকা লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ গোল পেলেন ঠিকই। তবু ঘরের মাঠে জয়ের মুখ দেখল না ইন্টার মায়ামি। ড্রয়ের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে স্বাগতিকদের।

রবিবার রাতে ঘরের মাঠ নু স্টেডিয়ামে সান ডিয়েগোর সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ইন্টার মায়ামি। এই পয়েন্ট হারানোর ফলে মেজর লিগ সকারের (এমএলএস) ইস্টার্ন কনফারেন্সে শীর্ষস্থানে থাকা ন্যাশভিলের সঙ্গে মায়ামির ব্যবধান বেড়ে দাঁড়াল ১১ পয়েন্টে। রেগুলার সিজনে তাদের হাতে আছে আর মাত্র আটটি ম্যাচ।

ম্যাচের ১২ মিনিটেই স্বাগতিক দর্শকদের স্তব্ধ করে দেয় সান ডিয়েগো। সতীর্থ ইয়েপে টেভার্সকভের দুর্দান্ত এক থ্রু পাস ধরে দেখেশুনে মায়ামির গোলরক্ষক ডেইন সেন্ট ক্লেয়ারের মাথার ওপর দিয়ে বল জালে পাঠান ড্যানিশ ফরোয়ার্ড অ্যান্ডার্স ড্রায়ার। এতে অপ্রত্যাশিতভাবে পিছিয়ে পড়ে মায়ামি।

তবে সমতায় ফিরতে বেশি সময় নেয়নি স্বাগতিকরা। ২৪ মিনিটে ডি-বক্সের ঠিক বাইরে থেকে লিওনেল মেসির ফ্রি-কিক রক্ষণের ভিড় ঠেলে, পোস্টে লেগে জড়িয়ে যায় জালে। মায়ামির জার্সিতে এটি মেসির ১০১তম গোল।

সমতায় ফেরার পর একের পর এক আক্রমণে সান ডিয়েগোর রক্ষণকে ব্যস্ত রাখে মায়ামি। তবে সুয়ারেজ, রদ্রিগো দে পল কিংবা মেসি—কারো প্রচেষ্টাই গোলরক্ষককে পরাস্ত করতে পারছিল না।

অবশেষে ৭৪ মিনিটে মায়ামিকে এগিয়ে নেন লুইস সুয়ারেজ। ডি-বক্সের ধারে দে পলের বাড়ানো বুদ্ধিমত্তাপূর্ণ পাস ধরে জোরালো শটে লক্ষ্যভেদ করেন ৩৯ বছর বয়সী এই উরুগুয়ান স্ট্রাইকার।

মায়ামি যখন পূর্ণ ৩ পয়েন্ট পাওয়ার অপেক্ষায়, ঠিক তখনই শেষ মুহূর্তে ঘুরে দাঁড়ায় সান ডিয়েগো। আগের গোলের হুবহু পুনরাবৃত্তি ঘটিয়ে টেভার্সকভের বাড়ানো পাস ধরে নিজের ও দলের দ্বিতীয় গোলটি করেন ড্রায়ার (২-২)।

যোগ করা সময়ে প্রতিআক্রমণ থেকে কিয়েরান সার্জেন্টের শট রুখে দিয়ে মায়ামিকে হারের হাত থেকে রক্ষা করেন সেন্ট ক্লেয়ার। শেষ পর্যন্ত ড্রয়ের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় মেসিদের।

 

Related Articles

Latest Posts