ম্যাচের তখন ২৪তম মিনিট। ডি-বক্সের বাইরে ডানদিকে ফ্রি-কিক পেল ইন্টার মায়ামি। অবধারিতভাবে সেটা নিলেন লিওনেল মেসি। বাম পায়ের বাঁকানো শটে গোলও পেয়ে গেলেন আর্জেন্টাইন মহাতারকা। ফ্রি-কিক থেকে এটি তার ক্যারিয়ারের ৭৫তম গোল।
৩৯ বছর বয়সী মেসির নৈপুণ্য সত্ত্বেও জিততে পারেনি মায়ামি। সোমবার সকালে মেজর সকার লিগের (এমএলএস) ম্যাচে ঘরের মাঠ এনইউ স্টেডিয়ামে সান ডিয়েগোর সঙ্গে ২-২ করেছে তারা। লিগে এই নিয়ে টানা চার ম্যাচে ড্র করল দলটি।
অ্যান্ডার্স ড্রেয়ারের লক্ষ্যভেদে ১-০ গোলে পিছিয়ে থাকা অবস্থায় মেসির গোলে সমতায় ফেরে মায়ামি। তার শট কোনো খেলোয়াড়ের গায়ে না লেগে সরাসরি চলে যায় দূরের পোস্টের দিকে। প্রতিপক্ষের গোলরক্ষক ডেন সেন্ট ক্লেয়ার ঝাঁপিয়ে পড়লেও বল আটকাতে পারেননি।
Free kick goal and it had to be HIM pic.twitter.com/4wUhKXNjzL
চলমান এমএলএসে এটি মেসির ২০তম গোল। তিনি আছেন গোলদাতাদের তালিকার শীর্ষে। ১১টি গোলে সহায়তা করে অ্যাসিস্টদাতাদের তালিকার চূড়াতেও অবস্থান করছেন এই বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড।
বর্ণাঢ্য ক্যারিয়ারে মোট ৯৩০টি গোল নিয়ে বহু অর্জনের মালিক মেসিকে হাতছানি দিচ্ছে আরও একটি রেকর্ড। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, ফ্রি-কিকে ৭৫টি গোল নিয়ে তিনি এককভাবে উঠে এসেছেন দ্বিতীয় স্থানে।সর্বকালের রেকর্ড নিজের করে নিতে ফ্রি-কিক থেকে তার দরকার আর মাত্র চারটি গোল।
টিওয়াইসি স্পোর্টস আরও জানিয়েছে, ফ্রি-কিক থেকে ফুটবল ইতিহাসে মেসির চেয়ে বেশি গোল আছে এখন কেবল একজনের। ব্রাজিলের সাবেক মিডফিল্ডার মার্সেলিনিয়ো কারিওকা ৭৮টি গোল করেছেন ফ্রি-কিকে। এই তালিকার তিনে আছেন তার স্বদেশি জাইর রোসা পিন্তো। প্রয়াত এই ফরোয়ার্ডের ফ্রি-কিক থেকে গোলের সংখ্যা ৭৪টি।
মেসি স্কোরলাইন ১-১ করার পর মায়ামির আক্রমণের ধার বাড়ে। ম্যাচের ৭৪তম মিনিটে উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজের গোলে লিডও নেয় তারা। কিন্তু তাদের পূর্ণ পয়েন্ট পাওয়ার আশা ভেস্তে দেয় সান ডিয়েগো। আট মিনিট পর নিজের ও দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন ড্রেয়ার।
এই ড্রয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় তিনে থাকা মায়ামির পয়েন্ট দাঁড়িয়েছে ২৬ ম্যাচে ৪৬। শীর্ষে থাকা ন্যাশভিল এসসির চেয়ে তারা ১১ পয়েন্ট পিছিয়ে আছে। এমএলএসের নিয়মিত মৌসুমে আরও আট ম্যাচ বাকি আছে মেসি-সুয়ারেজদের।
