চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ২০৩০ সালের মধ্যে এমন পর্যায়ে যাবে না, যার কারণে মানবজাতি বিলুপ্ত হয়ে যেতে পারে।
এআই নিয়ে মানবজাতির ধ্বংসের আশঙ্কাকে তিনি ‘ডুমসডে ন্যারেটিভ’ বা ভয় দেখানোর গল্প হিসেবে উল্লেখ করেছেন।
সোমবার সিবিএস নিউজকে দেওয়া হুয়াংয়ের এক সাক্ষাৎকারের বরাতে এসব তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
তিনি বলেন, ‘পৃথিবী শেষ হওয়ার সম্ভাবনা শূন্য। মানুষকে ভয় দেখানোর বিষয়টি দায়িত্বজ্ঞানহীন।’
হুয়াং বলেন, এআইয়ের কারণে মানবজাতি বিলুপ্ত হয়ে যেতে পারে, এমন পূর্বাভাসের পেছনে শক্ত বৈজ্ঞানিক ভিত্তিও নেই।
এর আগে সাবেক অ্যানথ্রপিক গবেষক জ্যাকব কক্সন সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছিলেন, এআই ‘অতিমানবীয়’ পর্যায়ে পৌঁছে এই দশকের মধ্যেই মানবজাতিকে নিশ্চিহ্ন করে দিতে পারে। হুয়াং তার এই বক্তব্যকেই ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে মন্তব্য করেন বলে জানিয়েছে গার্ডিয়ান।
প্রতিবেদনে বলা হয়, কক্সনের এই মন্তব্য এবং অ্যানথ্রপিকে কাজ করা আরও দুই গবেষকের সমর্থনের পর এআইয়ের ঝুঁকি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। বিশেষ করে এআইয়ের ওপর যথেষ্ট নজরদারি আছে কি না, তা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে বিতর্ক চলছে।
এদিকে যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারাও এআই কোম্পানিগুলোর সম্ভাব্য ঝুঁকি নিয়ে সমালোচনা করেছেন।
সম্প্রতি অ্যানথ্রপিকের প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, অপরাধী, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতাপ্রাপ্ত গোষ্ঠী, স্পাইওয়্যার বিক্রেতা, বিজ্ঞানী ও প্রচারকারীরা তাদের শক্তিশালী এআই মডেল ব্যবহার করে ক্ষেপণাস্ত্র ও বোমা তৈরির নকশা, প্রাণঘাতী রোগজীবাণু তৈরি এবং ভিন্নমতাবলম্বীদের ওপর নজরদারির চেষ্টা করেছে।
গার্ডিয়ান জানায়, অ্যানথ্রপিকের সিইও দারিও আমোদেই, ওপেনএআইয়ের প্রধান স্যাম অল্টম্যান এবং ইলন মাস্ক এআই প্রযুক্তির উন্নয়ন ধীর করার আহ্বান জানিয়েছেন।
তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এআই উন্নয়ন নিয়ে উদ্বেগকে ‘ভাঁওতা’ ও ‘ষড়যন্ত্র’ বলে উড়িয়ে দিয়েছেন। তার মতে, এআইয়ের উন্নয়ন ধীর হলে চীন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ পেতে পারে।
রোববার যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, এআইয়ের সম্ভাব্য ঝুঁকি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র ও চীন একটি সংলাপ চালুর বিষয়ে একমত হয়েছে। এই ব্যবস্থার মাধ্যমে দুই দেশ এআই নিয়ে সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে একে অপরকে সতর্ক করবে।
