মানিকগঞ্জ সদর উপজেলায় শ্বশুরকে হত্যার অভিযোগে জামাইকে আটক করেছে পুলিশ।
উপজেলার গড়পাড়া ইউনিয়নের সাকরাইল গ্রামে গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত সিদ্দিক আলী (৪৮) পেশায় ব্যাটারিচালিত অটোরিকশাচালক ছিলেন।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সিদ্দিক আলীর বাড়িতে অটোরিকশার ব্যাটারি চুরি করতে গিয়ে পরিবারের সদস্যদের হাতে ধরা পড়েন তার মেয়ের জামাই রাসেল (২৭)। সেসময় সিদ্দিকের সঙ্গে রাসেলের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে রাসেল লাথি মারলে সিদ্দিক মাটিতে পড়ে গুরুতর আহত হন। পরে স্বজন ও স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সিদ্দিক আলীর স্ত্রী রুনা বেগম ডেইলি স্টারকে বলেন, ‘ঘটনার সময় রাসেলের সঙ্গে আরও দুইজন ছিলেন। আমি হত্যার বিচার চাই।’
ওসি মনির হোসেন বলেন, অভিযুক্ত রাসেলকে আটক করা হয়েছে। স্থানীয়রা তাকে মারধর করায় তিনি বর্তমানে পুলিশের হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মূল ঘটনা জানা যাবে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
