মূল দলের বেশিরভাগ নিয়মিত ক্রিকেটারকে বিশ্রাম দিয়ে নতুন আর অনেকদিন আগে খেলা প্লেয়ারদের সংমিশ্রণে এশিয়ান গেমসের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। ১৫ সদস্যের এই স্কোয়াডে অধিনায়ক করা হয়েছে সহন আরচ্চিগেকে। এ ছাড়া স্কোয়াডে নিরোশন ডিকভেলাকে ফেরানোর পাশাপাশি জায়গা দেওয়া হয়েছে নতুন চার তরুণ মুখকে।
জাপানের আইচি-নাগোয়া এশিয়ান গেমসে শ্রীলঙ্কা দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পেয়েছেন সহন আরচ্চিগে। লঙ্কানদের এই স্কোয়াডের সবচেয়ে বড় চমক নিরোশন ডিকভেলার প্রত্যাবর্তন। ২০২১ সালের পর এই প্রথম কুড়ি ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেন ৩০ বছর বয়সী এই উইকেটরক্ষক-ব্যাটার। সঙ্গে ২০২৩ সালের পর প্রথমবার দলে ডাক পেলেন আশেন বান্দারাও।
লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) আহামরি পারফর্ম করতে না পারলেও মূলত অভিজ্ঞতার কথা ভেবেই দীর্ঘদিন বাইরে থাকা এই দুজনকে ফেরানো হয়েছে। অন্যদিকে এশিয়ান গেমসে ভারত, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের মতো বাকি চার টেস্ট খেলুড়ে দেশ তাদের মূল স্কোয়াডই খেলাচ্ছে। কিন্তু শ্রীলঙ্কা হেঁটেছে একদম ভিন্ন পথে।
দলে নেই পাথুম নিশানকা, কুশল মেন্ডিস, চারিথা আসালাঙ্কা, কামিল মিশারা, ভানিন্দু হাসারাঙ্গা, দাসুন শানাকার মতো তারকারা।
ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে স্কোয়াডে চার নতুন মুখকে সুযোগ দিয়েছে লঙ্কান নির্বাচকরা—সিনেথ জয়বর্ধনে, সোহান দে লিভেরা, ভানুজা সহন ও গারুকা সংকেত। যুব বিশ্বকাপ খেলে আসা জয়বর্ধনে এবং দে লিভেরা ঘরোয়া টি-টুয়েন্টি টুর্নামেন্টে দারুণ ব্যাটিং পারফর্ম করে নজর কেড়েছেন। বাঁহাতি অলরাউন্ডার সহন ও তরুণ পেসার সংকেতও সাম্প্রতিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে প্রথমবার জাতীয় দলে ডাক পেলেন।
এছাড়া বোলিং আক্রমণে ভারসাম্য আনতে রাখা হয়েছে লেগ স্পিনার বিজয়কান্ত বিয়াসকান্ত, স্পিন অলরাউন্ডার চামিকা করুনারত্নে এবং আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞতা থাকা দুই পেসার নুয়ান থুশারা ও বিনুরা ফার্নান্দোকে।
টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী সরাসরি কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে শ্রীলঙ্কা। আগামী ২৯ সেপ্টেম্বর তাদের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। আগের আসরেও সহন আরচ্চিগের নেতৃত্বেই খেলেছিল লঙ্কানরা, সেবার আফগানিস্তানের কাছে হেরে আসর থেকে বিদায় নিতে হয়েছিল তাদের।
এশিয়ান গেমসে শ্রীলঙ্কা দল: সহন আরচ্চিগে (অধিনায়ক), নিরোশন ডিকভেলা (উইকেটরক্ষক), লাসিথ ক্রুসপুলে, সিনেথ জয়বর্ধনে, নুয়ানিদু ফার্নান্দো, সোহান দে লিভেরা, আশেন বান্দারা, চামিকা করুনারত্নে, থারিন্দু রত্নায়েকে, ভানুজা সহন, বিজয়কান্ত বিয়াসকান্ত, দুশান হেমন্ত, নুয়ান থুশারা, বিনুরা ফার্নান্দো ও গারুকা সংকেত।
