আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্বে লিওনেল স্কালোনিকে রেখে দিতে আনুষ্ঠানিকভাবে নতুন চুক্তির প্রস্তাব দিয়েছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। নতুন প্রস্তাব অনুযায়ী, ২০২৮ সাল পর্যন্ত তার চুক্তির মেয়াদ বাড়ানো হবে, যা পরে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত বাড়িয়ে নেওয়ার সুযোগ থাকবে। বেশ কিছুদিন ধরে আর্জেন্টিনা কোচের ভবিষ্যৎ নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, এই প্রস্তাবের মাধ্যমে তার অবসান ঘটাতে চাইছে এএফএ।
সংবাদসংস্থা ও নির্ভরযোগ্য ক্রীড়া সাংবাদিকদের মতে, স্কালোনির প্রতিনিধি দল বা এজেন্টদের সঙ্গে এএফএ কর্তাদের আলোচনা ইতিবাচক পথেই এগোচ্ছে। বিশ্বখ্যাত দলবদল বিশেষজ্ঞ ও সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোও এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘স্কালোনিকে ২০২৮ কোপা আমেরিকা পর্যন্ত দীর্ঘমেয়াদি নতুন চুক্তির প্রস্তাব দিয়েছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। এতে চুক্তির মেয়াদ ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত বাড়ানোর বিকল্প ব্যবস্থা রয়েছে। এখন স্কালোনির চূড়ান্ত উত্তরের অপেক্ষায় রয়েছে এএফএ।’
আর্জেন্টাইন সাংবাদিক গাস্তন এদুলও সামাজিক মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) একই ইঙ্গিত দিয়ে জানান, আলোচনার ধারা ইতিবাচক এবং স্কালোনির দীর্ঘমেয়াদে দলের সঙ্গে থেকে যাওয়ার সম্ভাবনাই বেশি।
২০১৮ সালে দায়িত্ব নেওয়ার পর থেকে আলবিসেলেস্তেদের এক রূপকথার গোল্ডেন এরা উপহার দিয়েছেন স্কালোনি। তার অধীনে ২০২১ কোপা আমেরিকা, ২০২২ বিশ্বকাপ এবং ২০২৪ কোপা আমেরিকা জিতেছে আর্জেন্টিনা। সম্প্রতি ২০২৬ বিশ্বকাপেও দলকে ফাইনাল পর্যন্ত নিয়ে যান তিনি।
চলতি বছরের ডিসেম্বরে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হতে চলায় স্কালোনি পদত্যাগ করতে পারেন—এমন গুঞ্জন ফুটবল বিশ্বে চাউর হয়েছিল। তবে দলের কোচের পাশে সবসময় থাকার ইঙ্গিত দিয়েছেন তারকা গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ, ‘সিদ্ধান্ত স্কালোনি এবং তার কোচিং স্টাফদের ওপর। তবে উনি যে সিদ্ধান্তই নেবেন, আমরা তার পাশেই থাকব।’
সামনে বেশ কয়েকটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। ৩০ সেপ্টেম্বর বলিভিয়া এবং তার তিন দিন পর বুরকিনা ফাসোর মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। এরপর ৬ অক্টোবর বুয়েনস আইরেসে বেনিনের বিপক্ষে একটি বিশেষ প্রীতি ম্যাচ খেলবে দলটি, যা দেশের মাটিতে লিওনেল মেসির বিদায়ী ম্যাচ হিসেবে ফুটবলপ্রেমীদের কাছে বেশ আবেগের।
মাঠে দলের সাম্প্রতিক পারফরম্যান্সও স্কালোনির নতুন চুক্তিতে সই করার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।
