ঢাকার আশুলিয়ায় প্রিটি গ্রুপের পোশাক কারখানার পার্কিংয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে হতাহতের ঘটনায় দায়ীদের বিচার, ক্ষতিপূরণসহ ছয় দাবিতে মানববন্ধন করেছে দুটি শ্রমিক সংগঠন।
আজ বুধবার সকাল ১০টার দিকে কারখানার গেটের সামনে এই কর্মসূচি পালন করে জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটি ও টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন।
দাবিগুলো হলো—বিস্ফোরণের প্রকৃত কারণ তদন্ত করে দায়ী ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা, মেয়াদোত্তীর্ণ ও ঝুঁকিপূর্ণ গ্যাস সিলিন্ডার ব্যবহারের তদন্ত ও দায়ীদের শাস্তি, দুর্ঘটনায় নিহত-আহত শ্রমিক এবং তাদের পরিবারকে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) কনভেনশন অনুযায়ী ক্ষতিপূরণ, আহতদের প্রয়োজনীয় চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করা, দেশের সব পোশাক কারখানায় নিরাপত্তা নিশ্চিত করা এবং আগামীতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে নিয়মিত তদারকি।
বিস্ফোরণে হতাহতের ঘটনায় করা মামলায় মালিককে আসামি না করায় ক্ষোভ প্রকাশ করে মানববন্ধনে জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. ফরিদুল ইসলাম বলেন, ‘প্রতিষ্ঠানটির মালিক বা সিইও মামলায় প্রভাব বিস্তারের চেষ্টা করছেন কি না তা খতিয়ে দেখা প্রয়োজন। একইসঙ্গে বিস্ফোরণটি পরিকল্পিত কি না, সেটিও তদন্ত করে দেখা দরকার।’
টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের ঢাকা জেলার সভাপতি মিজানুর রহমান আহত শ্রমিকদের সুচিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করার ওপর জোর দেন। তিনি বলেন, ‘আহতদের প্রয়োজনে বিদেশে পাঠিয়ে চিকিৎসার ব্যবস্থা করতে হবে।’
গত ২০ সেপ্টেম্বর রোববার সন্ধ্যা পৌনে সাতটার দিকে প্রিটি গ্রুপের কারখানার পার্কিংয়ে থাকা কাভার্ড ভ্যানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এসময় আগুনে পুড়ে ছয়জন এবং বিস্ফোরণে ছিটকে আসা ধ্বংসাবশেষের আঘাতে আরও দুইজন মারা যান। আহত হয়েছেন অন্তত ২৫ জন।
