রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ নিয়ে মন্তব্য করায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীকে বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মনে করেন ডিএমপির এক কর্মকর্তা।
আজ শুক্রবার বিকেলে মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে যুগ্ম-কমিশনার (দক্ষিণ) মো. তোফায়েল আহমেদ মিঞা এ বিষয়ে মন্তব্য করেন।
সম্প্রতি ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে শ্যামপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ককটেল তৈরির সরঞ্জাম ও প্রায় ৯ হাজার মুখোশ উদ্ধার করে। বিষয়টি নিয়ে সংবাদ ব্রিফিংয়ে কয়েকজন সাংবাদিক নাসীরের সাম্প্রতিক একটি বক্তব্যের উল্লেখ করেন।
গত ২১ সেপ্টেম্বর সরকার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ঘোষণা দেওয়ার পর এক প্রতিবাদ সমাবেশে নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, ‘১১ দল যেসব দাবি করে আসছে, সেগুলো মানলেই ঢাকা শহরে আর ককটেল ফুটবে না।’
এই বক্তব্যের প্রসঙ্গ টেনে আজকের ব্রিফিংয়ে সাংবাদিকরা জানতে চান, নাসীরকে জিজ্ঞাসাবাদ করা হবে কি না।
জবাবে যুগ্ম-কমিশনার তোফায়েল বলেন, ‘নাসীরুদ্দীন পাটোয়ারীকে জিজ্ঞাসাবাদ করতে হবে যে তিনি কেন এই বক্তব্য দিয়েছেন। এই কথা তিনি কেন বললেন।’
নাসীরকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে কি না, জানতে চাইলে এই কর্মকর্তা অবশ্য বলেন, ‘এটা আমি এখনই বলতে পারব না। ঊর্ধ্বতন কর্মকর্তারা বলতে পারবেন।’
