ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্টের সামনে থেকে ককটেল-সদৃশ দুটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে স্থানীয় এক ফল ব্যবসায়ীর দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ এগুলো উদ্ধার করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান দ্য ডেইলি স্টারকে বলেন, পুরাতন ডিসি কোর্টের সামনে আহার রেস্টুরেন্টের বিপরীতে ককটেল সদৃশ বস্তু পড়ে থাকার খবর পাওয়া যায়। পরে এসআই সুশান্ত কর্মকারের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে যায়।
পরে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি ককটেল-সদৃশ বস্তু উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
স্থানীয় ফল ব্যবসায়ী নিশান হোসেন বলেন, প্রতিদিনের মতো শনিবার সকালে পুরাতন ডিসি কোর্টের সামনে ফুটপাথে তার অস্থায়ী ফলের দোকান খুলছিলেন। এ সময় একটি ব্যাগের মধ্যে লাল টেপ দিয়ে মোড়ানো দুটি বস্তু দেখতে পান তিনি। পরে বিষয়টি পুলিশকে জানান।
এসআই সুশান্ত কর্মকার বলেন, বস্তু দুটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এগুলো নাশকতার উদ্দেশ্যে কে বা কারা সেখানে রেখেছে, তা শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে।
