পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) দুই শিক্ষার্থীকে মারধর, ছিনতাই ও যৌন হয়রানির অভিযোগে মামলা হয়েছে।
গত বুধবার মামলাটি করা হয় বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দীন।
আজ শনিবার বিষয়টি জানাজানি হয়।
মামলার এজাহার থেকে জানা যায়, দুমকি উপজেলার শ্রীরামপুর গ্রামের একটি পাকা সড়কে রিফাত মৃধার নেতৃত্বে হাসান তালুকদার, মাহিন তালুকদার, জাহিদ হাওলাদার, রফিক তালুকদারসহ অজ্ঞাত আরও কয়েকজন পবিপ্রবির দুই শিক্ষার্থীর পথরোধ করে।
অভিযোগে বলা হয়, তারা এক শিক্ষার্থীকে মারধর করে নগদ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং সঙ্গে থাকা নারী শিক্ষার্থীকে যৌন হয়রানি করে।
ঘটনার পরদিন ওই নারী শিক্ষার্থী বাদী হয়ে দুমকি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করেন।
ওসি সেলিম উদ্দীন বলেন, ‘মামলা গ্রহণ করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’
এ ব্যাপারে অভিযুক্ত রিফাত মৃধা ও হাসান তালুকদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের মোবাইল বন্ধ পাওয়া যায়।
